হাওড়ের তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন। প্রতিটি নির্বাচনেই ভোটারদের প্রধান দাবি, হাওড়ের যোগাযোগব্যবস্থা, নদী খনন ও ফসল রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্প ইত্যাদি। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়ে থাকেন এসবের উন্নয়নের। কিন্তু উন্নয়ন ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়। এবার উপনির্বাচনের প্রচারণায়ও দুই প্রার্থীই প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। আওয়ামী লীগের প্রার্থী ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমঞ্চদ এবং দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলার প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম—উভয়েই হাওড়ের রানী হিসেবে পরিচিত অষ্টগ্রাম থেকে তাঁদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রেজওয়ান গত মঙ্গলবার থেকে শুরু করে গতকাল শনিবার পর্যন্ত অষ্টগ্রামে অবস্থান করে সকাল-বিকেল সভা, সমাবেশ, গণসংযোগ করেছেন। সৈয়দ মহিতুল ইসলামের বাড়ি অষ্টগ্রামে। তিনিও গত কয়েক দিন এলাকায় থেকে প্রচারণা চালাচ্ছেন। উভয়ের মুখেই হাওড়ের উন্নয়নের প্রতিশ্রুতি। আজ রোববার থেকে টানা কয়েক দিন ইটনায় তাঁরা প্রচারণা চালাবেন বলে জানা গেছে।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অষ্টগ্রামবাসীর দুঃখের শেষ নেই। ৪০ বছরের পুরোনো দাবি, অষ্টগ্রাম-বাজিতপুর সড়ক। এই দাবি পূরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ৬০ শতাংশ কাজ হয়ে এখনো থেমে আছে। উপনির্বাচনে নির্বাচিত হলে উভয় প্রার্থীই সড়কটির বাকি কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।ভোটাররা জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে এবার হাওড়ের ধান তলিয়ে গেছে। কষ্টের ৩০ শতাংশ ফসল গোলায় ওঠেনি। বড় হাওড় থেকে কেউটা পর্যন্ত সড়কটি ভালো থাকলে হয়তো এত ফসলহানি হতো না। উভয় প্রার্থীই অষ্টগ্রাম-বাজিতপুর সড়কটি সংস্কারের কথা বলেছেন।জানতে চাইলে সৈয়দ মহিতুল ইসলাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিজ এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কিছু শীর্ষস্থানীয় নেতা থাকলেও আমার সঙ্গে আছেন ত্যাগী নেতা-কর্মীরা। এর প্রমাণ মিলবে ভোটের দিন।’ রেজওয়ান আহমঞ্চদ ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর অনুসারী আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক হায়দারী বলেন, ‘পাঁচ দিনের প্রচারে আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি।’সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। আগামী ৩ জুলাই এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।