প্রচারণায় ‘অসমাপ্ত উন্নয়ন’ কাজ আর ‘পরিবর্তনের’ ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ‘অসমাপ্ত উন্নয়ন’ সমাপ্ত করার সুযোগ চেয়ে ভোট চেয়েছেন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। অন্যদিকে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী আহ্বান জানাচ্ছেন ‘পরিবর্তনের’। দুই প্রার্থীর ব্যক্তিগত গণসংযোগ থেকে শুরু করে মাইকযোগে প্রচারণায়ও বারবার বলা হচ্ছে অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করা আর পরিবর্তনের কথা।সদ্য বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বারখলা, দক্ষিণ ভার্থখলা ও কায়স্তরাইল এলাকায় গণসংযোগ করেন। মেয়র থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন ভোটারদের কাছে। কামরানের সঙ্গে তাঁর সমর্থকেরা আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালান। গতকালের গণসংযোগের সময় কামরানের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়ে কামরান ভোটারদের বলেন, ‘আমার স্বপ্ন সিলেটকে অসাম্প্রদায়িক ও আধ্যাত্মিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলা। সে লক্ষ্যে ইতিমধ্যে আমি অনেক কাজ করেছি। আমি সিলেট সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছি। এর আগে এত বড় প্রকল্প কেউ সিলেটে আনতে পারেনি। সম্প্রতি সিলেট সিটির উন্নয়নে ১৫৩ কোটি টাকার বিশাল একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। যা বাস্তবায়িত হলে নগরবাসীর সুযোগ-সুবিধা আরও বাড়বে। অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে আমাকে ভোট দিন।’ আরিফুল হক চৌধুরী গতকাল সকালে নগরের রাজারগলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত একনাগাড়ে তিনি গণসংযোগে ব্যস্ত ছিলেন। বিকেলে নগরের কানিশাইল, খাসদবির এলাকায় পৃথক কয়েকটি ঘরোয়া বৈঠক করেন। সন্ধ্যায় মদিনা মার্কেট এলাকায় গণসংযোগ করে গতকালের প্রচার কর্মসূচির সমাপ্ত টানা হয়। ঘরোয়া বৈঠকে আরিফুল হক নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের উদ্দেশে বলেন, ‘সিলেট নগরের মানুষ উন্নয়ন চায়। বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই মানুষ পরিবর্তন চায়। আমি নির্বাচিত হলে আধুনিক নগর গড়ে তোলার সব ব্যবস্থা গ্রহণ করব।’গণসংযোগকালে অরিফুল হকের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলের স্থানীয় নেতারা। ঘরোয়া বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন কানিশাইল এলাকার বিশিষ্ট ব্যক্তি আবদুস সালাম।