প্রচারণায় 'নিঃসঙ্গ' আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

নৌকা প্রতীক নিয়েও নির্বাচনী প্রচারণায় অনেকটাই ‘নিঃসঙ্গ’ চট্টগ্রামের রাউজান পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত। তাঁর পক্ষে এখনো উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মাঠে নামেননি। তৃণমূলের সুপারিশের পরও এই পৌরসভায় কেন্দ্র থেকে মনোনয়ন পাননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী। তাঁর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আওয়ামী লীগে ‘দুই’ প্রার্থী থাকায় বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী আব্দুল্লাহ আল হাছান সুবিধা পাবেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।
দলের প্রার্থী দেবাশীষ পালিতের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন প্রচারণায় নামেননি, তা জানতে কথা হয় শফিকুল ইসলাম চৌধুরীর সঙ্গে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজানের মুন্সিরঘাটা এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে তিনি বলেন, ‘মনোনয়নবঞ্চিত কেউ মনোনয়ন পাওয়া প্রার্থীর জন্য কাজ করেছে, এমনটি রাউজানে কখনো হয়নি। আমি এ জন্যই নামিনি, আমাকে যারা সমর্থন করে, তাদের কাউকেও নামতে দেখিনি।’ ছেলের প্রতি সমর্থন আছে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মনোনয়ন না পাওয়ায় আমার ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটা কাজ করবে। দলের জন্য ৩০ বছর কাজ করে আমি কী পেলাম! দলীয় প্রতীকের বিরুদ্ধে সরাসরি কোনো কাজ করব না। কিন্তু ছেলের প্রতি পূর্ণ সমর্থন ও আশীর্বাদ থাকবে।’
স্থানীয় নেতারা জানান, গত ১৩ নভেম্বর রাউজান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় শফিকুল ইসলাম চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরী। কিন্তু কেন্দ্র থেকে নৌকা প্রতীক বরাদ্দ পান উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিত। শফিকুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন না—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ছেলে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। একই দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার দাশগুপ্ত। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করলেও অনড় থাকেন সাইফুল।
রাউজানের বিভিন্ন ওয়ার্ড ঘুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজানে এবার ত্রিমুখী লড়াই হবে। নৌকা-ধানের শীষের প্রার্থীর পাশাপাশি শক্ত অবস্থানে আছে সাইফুল ইসলাম চৌধুরীর ‘জগ’ প্রতীকও। বাবার ‘ইমেজ’ ও নৌকার পক্ষে নেতা-কর্মীদের ‘নিষ্ক্রিয়তাকে’ কাজে লাগাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান ৪ নম্বর ওয়ার্ডে পশ্চিম সুলতানপুর কাজীপাড়ায় গণসংযোগ করছিলেন কাজী আব্দুল্লাহ আল হাছান। সঙ্গে সাত-আটজন সমর্থক। প্রথম আলোকে তিনি বলেন, ‘নির্বাচিত মেয়র হওয়ার পরও আমি গত পাঁচ বছর এলাকায় ঢুকতে পারিনি। কিন্তু এখন আওয়ামী লীগে দুজন প্রার্থী হওয়ায় পরিস্থিতি পাল্টেছে। এলাকায় ঢুকে গণসংযোগ করতে পারছি। যদি আওয়ামী লীগের একক প্রার্থী থাকত, তাহলে তো এলাকাতেই ঢুকতে পারতাম না। এ ছাড়া প্রশাসনও এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। সব দেখে আশা করছি, ভোট সুষ্ঠু হবে।’ তাঁর ধারণা, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার ভোট কিছুটা হলেও ভাগ হবে। শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি।
‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরীর দাবি, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা ছাড়াও তাঁর প্রতি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পৌরসভার মতো তৃণমূল নির্বাচনে প্রতীক নয়, প্রার্থীই গুরুত্বপূর্ণ। গতকাল দুপুরে ৭ নম্বর ওয়ার্ডের ছত্তরপাড়া এলাকায় গণসংযোগের সময় প্রথম আলোকে এই প্রার্থী বলেন, ‘আমার এবং আমার পরিবারের পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পর্কে সবাই জানেন। যিনি নৌকা প্রতীক পেয়েছেন, তিনি জনবিচ্ছিন্ন। আবার যিনি ধানের শীষে নির্বাচন করছেন, তিনি তো নির্বাচিত হয়ে পাঁচ বছর এলাকাতেই আসেননি। তাই এমন প্রার্থীকে সবাই চেয়েছেন, যিনি এলাকাবাসীর সঙ্গে থাকবে। আমি জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী।’
গণসংযোগের সময় সাইফুল ইসলাম চৌধুরীর সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন এবং ওই ওয়ার্ডের নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসকেও সাইফুলের জন্য ভোট চাইতে দেখা যায়। জান্নাতুল ফেরদৌস এ বিষয়ে বলেন, ‘সাইফুল আমাদের ছোট ভাই। এলাকায় ভোট চাইতে এসেছে। সে জন্যই তাঁর সঙ্গে ঘুরছি।’
দলের নেতা-কর্মীরা প্রচারণায় না নামলেও বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি করেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী দেবাশীষ পালিত। গতকাল বেলা দুইটার দিকে ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল গ্রামে প্রচারণার সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘দল সবকিছু বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করেছিলাম সবাইকে পাশে পাব। মনোনয়ন পাওয়ার পর আমি স্থানীয় সাংসদ ও সভাপতি দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সভাপতির বাসায় গিয়ে বসে থাকার পরেও তাঁকে পাইনি। মুঠোফোনে সাংসদকে ধরার চেষ্টা করেছি। কিন্তু যাই হোক, জয়ী হওয়ার জন্য নৌকা প্রতীকই যথেষ্ট। ভোট ভাগ হওয়ার কোনো আশঙ্কা দেখছি না।’
জনসংযোগ করলেও রাউজানের বেশির ভাগ এলাকাতেই বিএনপির প্রার্থী কাজী আব্দুল্লাহ আল হাছানের নির্বাচনী পোস্টার চোখে পড়েনি। এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘পোস্টার ছাপানো হয়েছে, কিন্তু অনেক কর্মী ভয়ের কারণে এখনো আসছেন না। আমার পোস্টার ভোটারদের মনের মধ্যে রয়েছে। আমি খুব বেশি প্রচারে বিশ্বাসীও নই।’