প্রচারপত্র নিয়ে মঠবাড়িয়া বিএনপিতে অস্থিরতা
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ জব্বারের ছবি দিয়ে একটি প্রচারপত্র বিলির ঘটনায় মঠবাড়িয়ায় বিএনপিতে অস্থিরতা দেখা দিয়েছে। ওই প্রচারপত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের ছবি রয়েছে। এম এ জব্বার সেক্টর কমান্ডারস ফোরামের প্রণীত তালিকার ৩৬ নম্বর যুদ্ধাপরাধী।প্রচারপত্রটি ছেপেছেন এম এ জব্বারের ছেলে জসিম বাবু। তিনি এতে বাবার পাশে তাঁর ছবিও ব্যবহার করেছেন। তিনি নিজেকে বিএনপির একজন নেতা বলে দাবি করছেন, তাঁর বাবা এলাকার অনেক উন্নয়ন করেছেন। বাবার আদর্শ ধরে রাখার জন্য তিনি এটি বিলি করেছেন। উপজেলা বিএনপি গত বুধবার এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন। তিনি জানান, গত সংসদ নির্বাচনে এম এ জব্বার মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন। ঋণখেলাপি হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল হয়। এরপর তিনি মহাজোটের প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তিনি এ-ও দাবি করেন, জসিম বাবু বিএনপির কেউ নন। তিনিও গত নির্বাচনে মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। রুহুল আমীন আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপিকে বিভক্ত ও বিতর্কিত করতে জসিম বাবু খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির সঙ্গে তাঁর যুদ্ধাপরাধী বাবার ছবি ও তাঁর নিজের ছবি ব্যবহার করেছেন।প্রচারপত্রে জসিম বাবু নিজেকে প্রকৌশলী, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দাবি করেছেন। প্রচারপত্রে তিনি লিখেছেন, দেশ আজ কঠিন সময় পার করছে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা ও গুপ্তহত্যা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত হেনেছে। মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসান কবির জানান, এম এ জব্বার জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি, তিনি এখনো তাঁদের নেতা। বিএনপির নেতাদের পাশে তাঁর ছবি দিয়ে প্রচারপত্র ছাপানোয় তাঁরাও বিব্রত।জসিম বাবু নিজেকে বিএনপির সদস্য দাবি করে জানান, তাঁর বাবাকে পুনর্বাসন করার জন্য নয়, তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন করতে চান। বাবার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে তিনি জানান, যে কারও বিরুদ্ধেই অভিযোগ আনা যায়, কিন্তু প্রমাণের আগে তাঁকে দায়ী করা ঠিক নয়। তিনি জানান, মঠবাড়িয়া বিএনপিতে বিভক্তি আছে। তিনি বিএনপির কেন্দ্রীয় পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক শাহজাহান মিলনের পক্ষ হয়ে কাজ করছেন। এ জন্য অন্য পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ।মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন জানান, এম এ জব্বারের নাম সেক্টর কমান্ডারস ফোরামের প্রণীত যুদ্ধাপরাধীর তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে ২০১০ সালে একটি মামলা হয়েছে। মামলাটি পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।