প্রচারপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে রংপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গতকাল শনিবার শহরে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়েছে। গতকাল দিনভর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে পার্কের মোড়, কারমাইকেল কলেজ ক্যাম্পাস, লালবাগ, মডার্ন মোড়, কলেজ রোড, শাপলা চত্বর, প্রেসক্লাবের সামনে, জাহাজ কোম্পানি মোড়সহ নগরের বিভিন্ন এলাকায় এই প্রচারপত্র বিলি করা হয়। এসব প্রচারপত্র বিতরণে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রচারপত্রে রংপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। সাড়ে চার মাস ধরে এখানে শিক্ষাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ। প্রতিষ্ঠান বন্ধ করে ভর্তি-ইচ্ছুক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা হবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।