প্রচারপত্র বিতরণের সময় হিযবুতের চার সদস্য গ্রেপ্তার
জুমার নামাজের পর মসজিদের সামনে প্রচারপত্র বিলি করার অভিযোগে গতকাল শুক্রবার নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।এর আগে গত ২০ জুলাই লিফলেট বিলি করার সময় ১৭ জনকে র্যাব ও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ওইদিন প্রচারপত্র বিতরণ করতে বাধা দিলে পল্লবীতে হিযবুত তাহরীরের সদস্যরা মুসল্লিদের ওপর চড়াও হন।র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হানউদ্দীন খান প্রথম আলোকে বলেন, গতকাল জুমার নামাজের পর এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর মসজিদের সামনে প্রচারপত্র বিতরণের সময় র্যাব তিনজনকে প্রচারপত্রসহ গ্রেপ্তার করে। তাঁরা হলেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র রেদোয়ান আহমেদ (২৪), লালবাগ মাদ্রাসার আরবি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মোমিন (২০) ও মিরপুর মদিনা মসজিদ-সংলগ্ন হাফেজি মাদ্রাসার ছাত্র রুহুল আমিন সোহাগ (২০)। এ ছাড়া নাখালপাড়া বড় মসজিদের সামনে প্রচারপত্র বিতরণের সময় র্যাব-২-এর সদস্যরা ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেন।