প্রচারপত্র বিলি করলেন পুলিশের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির জন্য গতকাল বুধবার থেকে প্রচারপত্র (লিফলেট) বিলি শুরু করেছে ঝিনাইদহ পুলিশ। জেলাব্যাপী এই কার্যক্রম চলবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রাখবে তারা।
গতকাল দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। এরপর তাঁর নেতৃত্বে ওই এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি জঙ্গিবাদবিরোধী লিফলেটও বিলি করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কানিজ হোসেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে পুলিশ সুপার এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, মাদক পরিবার ও সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রথম ভূমিকা রাখতে হবে পরিবারকে। এই লিফলেট বিতরণের মাধ্যমে অভিভাবকেরা সচেতন হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা পুলিশ বলছে, তাদের এ কর্মসূচির স্লোগান ‘আসুন মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি’। জেলার সব এলাকায় পর্যায়ক্রমে এ প্রচারপত্র বিলি কার্যক্রম চালাবে তারা। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের অন্যান্য তৎপরতাও অব্যাহত রয়েছে। এর আওতায় গত ফেব্রুয়ারি মাসে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ৪২টি। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।