প্রচারপত্র বিলির সময় সিলেটে হিযবুত তাহরীরের কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলির সময় সিলেটে সংগঠনের আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরের বাগবাড়ি এলাকার একটি মসজিদের সামনে থেকে আশরাফুজ্জামান নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুজ্জামানের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। হিযবুতের প্রচার চালানোর সময় এ নিয়ে সিলেটে চারজনকে গ্রেপ্তার করা হলো। আগের তিনজনও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিলেটে কোতেয়ালি থানা সূত্র জানায়, বাগবাড়ি এলাকার নূরিয়া জামে মসজিদের সামনে মাগরিবের নামাজের পর আশরাফুজ্জামান হিযবুত তাহরীরে প্রচারপত্র মুসল্লিদের কাছে বিলি করছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে আশরাফুজ্জামান নিজেকে হিযবুত তাহ্রীরের কর্মী বলে স্বীকার করেন।ওসি মোহাম্মদ আলী জানান, আশরাফুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর কাছ থেকে হিযবুত তাহ্রীরের ১১টি প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাতেই একটি মামলা হয়েছে।