প্রচারপত্রসহ হিযবুত তাহ্রীর কর্মী গ্রেপ্তার
জুমার নামাজের পর প্রচারপত্র বিলির সময় নিষিদ্ধঘোষিত উগ্র সংগঠন হিযবুত তাহ্রীর এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।গতকাল শুক্রবার দুপুরের দিকে নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীর কর্মীর নাম মো. হোসাইনুল করিম। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। তাঁর বাবার নাম তোফায়েল হোসেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীর ঘোষাইপুর এলাকায়। নগরের খুলশি থানাধীন ভুঁইয়াগলির একটি ভাড়া বাসায় তিনি থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল জুমার নামাজের পর নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর ১০-১২ জন কর্মী আন্দরকিল্লা জামে মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করছিলেন। সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য সংবলিত প্রচারপত্রের শিরোনাম ছিল ‘জালিম শাসকের সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ’। প্রচারপত্র বিলির সময় পুলিশের এক সদস্য জাপটে হিযবুত তাহ্রীর কর্মী হোসাইনুলকে ধরে ফেলেন। এরপর সহযোগীরা হোসাইনুলকে কেড়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন বলেন, হোসাইনুল করিমের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।