প্রচারপত্রে বঙ্গবন্ধু, দেয়ালে পোস্টার
ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী প্রচারপত্রে (লিফলেট) বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাপিয়ে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও লালমনিরহাটের পাটগ্রামে দেয়ালে পোস্টার সাঁটিয়ে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় এক প্রার্থী মঞ্চ বানিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানা গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম আমিরুজ্জামান তাঁর নির্বাচনী লিফলেটে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তাঁর ছেলের নাম ব্যবহার করেছেন। শুধু তাই নয়, ওই প্রার্থী লিফলেটের ওপরের দিকে বাঁ পাশে বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর এবং ডান পাশে সৈয়দা সাজেদা চৌধুরী ও আয়মন আকবরের ছবি ছাপিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি ৬-এর (২)ঙ উপধারার পরিপন্থী। ওই ধারায় বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক ছাপাইতে কিংবা ব্যবহার করিতে পারিবেন না।’ওই লিফলেট ছাপা ও বিলির কথা স্বীকার করে এ কে এম আমিরুজ্জামান বলেন, ‘আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল বলে আমি ওই লিফলেট করেছিলাম। পরবর্তীতে যখন দেখলাম এটি আচরণবিধির পরিপন্থী তখন আমি সতর্ক হয়ে গেছি এবং আর করিনি।’নগরকান্দার রিটার্নিং কর্মকর্তা এস এম তরিকুল ইসলাম বলেন, এ ধরনের লিফলেট প্রকাশ করা হলে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাকিব হাসানকে (চাঁদ প্রতীক) দেয়ালে পোস্টার সাঁটানো ও একই ওয়ার্ডে দুটি প্রচার কার্যালয় থাকার কারণে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ায় দুই মেয়র ও দুজন কাউন্সিলর পদপ্রার্থীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বৃহস্পতিবার বিকেলে তাঁদের ওই নোটিশ দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী খলিলুর রহমান চৌধুরী এবং পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল ইসলাম আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা প্রশাসনের ফটকে পোস্টার সাঁটিয়েছেন। একই বিধি ভঙ্গ করেছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কবির আহমদ। ওই চার প্রার্থীকে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। লালপুর (নাটোর): লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মর্তুজা মঞ্চ বানিয়ে মাইকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে ওই অভিযোগ করেন।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে গোলাম মর্তুজা বলেন, ‘এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের আগমনে নির্বাচনী পথসভা হয়েছে মাত্র।’ রিটার্নিং কর্মকর্তা জহিরুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের কপি নির্বাচন কমিশনে পাঠানো হবে।’