প্রচারপত্রে 'অপপ্রচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিলি হয়েছে নানা ধরনের প্রচারপত্র। এসব প্রচারপত্রে দুই প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। তবে দুই প্রার্থীই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগকে অপপ্রচার হিসেবে বর্ণনা করেছেন।
১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের বিরুদ্ধে ‘খোলাচিঠি’ নামের প্রচারপত্র বিলির পর ১৪-দলীয় জোট-সমর্থিত প্রার্থী আজমত উল্লার বিরুদ্ধেও এলাকায় প্রচারপত্র বিলি হতে দেখা গেছে। আজমত উল্লার প্রতি ২১টি প্রশ্ন-সংবলিত ‘উন্মুক্ত বার্তা’ নামের এই প্রচারপত্রে ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বরের দৈনিক ইত্তেফাক-এর একটি সংবাদের সূত্রে উল্লেখ করা হয়, আজমত উল্লা খান প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই টঙ্গী বাজার সিঅ্যান্ডবির জায়গার ওপর প্রতিষ্ঠিত বহু বছরের পুরোনো হকার্স মার্কেট দখল করে নেন।
১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের বিরুদ্ধে একইভাবে ‘খোলা চিঠি’ আকারে প্রচারপত্র বিতরণ করা হয়। এই প্রচারপত্রে মান্নানের মালিকানাধীন ক্যাপিটাল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কর বকেয়ার অভিযোগে ব্যাংক হিসাব জব্দ এবং প্রায় ২০ বছর আগে ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগের বিষয় প্রশ্ন আকারে উল্লেখ করা হয়।
এম এ মান্নান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হজ ব্যবস্থাপনায় আমি কোনো দুর্নীতি করিনি। এলাকায় আমার জনপ্রিয়তা ও বিজয় সুনিশ্চিত দেখে ১৪ দল আমাকে ঘায়েল করতে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারে নেমেছে।’
১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো সরকারি জমি দখল করিনি। বিএনপি তাদের পরাজয় ঠেকাতে ও তাদের প্রার্থীর দুর্নীতির বিষয় আড়াল করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’