প্রচারমাধ্যমের ওপর চাপ ও ভীতি প্রদর্শন নোয়াবের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে প্রশাসনিক ও আইনগত দিক থেকে প্রচারমাধ্যমের ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল সোমবার সংগঠনের এক সভায় এ উদ্বেগ জানানো হয়। এর পাশাপাশি সংবাদপত্র, টেলিভিশন ও অন্যান্য প্রচারমাধ্যমকে বিভিন্ন সংবাদ প্রকাশ ও অনুষ্ঠান সম্প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, গত ২৮ ডিসেম্বর ইংরেজি দৈনিক নিউ এজ-এর কার্যালয়ে পুলিশ তল্লাশির অপচেষ্টা করে। আপত্তির মুখে কার্যালয়ে ঢুকতে না পেরে তারা সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয় এবং পত্রিকার কার্যালয়ের সামনে সমবেত সাংবাদিকদের ভিডিওচিত্র ধারণ করে। নোয়াবের সদস্যরা মনে করেন, এ ধরনের ঘটনা সংবাদপত্রের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়।
নোয়াবের সদস্যরা বলেন, টিভি চ্যানেলের টক শো, সরাসরি সম্প্রচারে বাধা ও নানা বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে একধরনের চাপ তৈরি করা হচ্ছে। একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে ৬ জানুয়ারি ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। একুশে টেলিভিশনের সম্প্রচার এখনো অনেক এলাকায় বন্ধ রয়েছে। সভায় ইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার করায় এবং অনেক এলাকায় এর সম্প্রচার বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় নোয়াবের সদস্যরা সংবাদপত্রশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এ সময় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এ কে আজাদ, তাসমিমা হোসেন, মতিউর রহমান চৌধুরী, এ এস এম শহীদুল্লাহ খান, মাহ্ফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমেদ, সাঈদ হোসেন চৌধুরী, আলতামাশ কবির, এম শামসুর রহমান ও কাজী আনিস আহমেদ। বিজ্ঞপ্তি।