সিটি করপোরেশন নির্বাচনে বাকি আর ১২ দিন। আলোচিত তিন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকার এখন ব্যস্ত প্রচারযুদ্ধে। ভোটারদের তাঁরা শোনাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।আইভী গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড এবং শহরের ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি কয়েকটি উঠোন বৈঠকও করেন। এ ছাড়া তাঁর পক্ষে জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির সিদ্ধিরগঞ্জের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন শহরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের টানবাজারে গণসংযোগ করেন।শামীম ওসমান গতকাল সকাল নয়টায় সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড়, নিমাইকাশরী বাজার, রসুলবাগ, বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় গণসংযোগ ও উঠোন বৈঠক করেন।এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল কাল নারায়ণগঞ্জে আসে। তাঁরা শামীম ওসমানের পক্ষে গণসংযোগ চালান।দলের একাধিক প্রার্থী থাকলেও শামীম ওসমানের জন্য প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম বলেন, শামীম ওসমান এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন। তাই তাঁর সমর্থনে ছাত্রলীগের প্রতিনিধিদল এসেছে।ছাত্রলীগ ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত কবীর, দপ্তর সম্পাদক এ বি এম আমজাদ হোসেন গতকাল শহরে পথসভা ও জনসংযোগ করেন।তৈমুর আলম খন্দকার কাল সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে সঙ্গে নিয়ে ৫, ৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহম্মেদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ অন্যান্য নেতা এ সময় উপস্থিত ছিলেন।বিএনপির পর্যবেক্ষণ কমিটি: নির্বাচন পর্যবেক্ষণ করতে বিএনপি একটি পর্যবেক্ষণ কমিটি করেছে। এর নেতৃত্বে থাকবেন হান্নান শাহ। তাঁর সঙ্গে থাকবেন আবদুল মান্নান, ফজলুল হক, আমানউল্লাহ আমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা।ইভিএম নিয়ে কর্মশালা: ইভিএমের মাধ্যমে ভোট প্রদান সম্পর্কে ভোটারদের সচেতন করতে কাল থেকে বিভিন্ন ওয়ার্ডে কর্মশালা শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড, বন্দরের ২২ নম্বর ওয়ার্ড ও শহরের ১৬ নম্বর ওয়ার্ডে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ভোটার ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে আসা, ভোট প্রদান এবং ভোট শেষ করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সবাইকে হাতে-কলমে দেখানো হচ্ছে। নারায়ণগঞ্জের নয়টি ওয়ার্ডে ২৪ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে। ২৫, ২৬ ও ২৭ অক্টোবর প্রতিটি কেন্দ্রে পুরোপুরি ভোট গ্রহণের মহড়া অনুষ্ঠিত হবে।