প্রচারে আরও চমক আনছে আ.লীগ

দলের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে আবারও চমক আনছে আওয়ামী লীগ। প্রচারে ডিজিটাল, অ্যানালগসহ সব মাধ্যম ব্যবহার করে দলকে শক্তিশালী অবস্থানে নিতে এই কৌশল ব্যবহার করতে চায় দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা এবং বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের অপপ্রচারের মোকাবিলার জবাব দিতে দলের তরুণ সাংসদ, চলচ্চিত্র ও নাট্যাভিনেতা এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে ১৮টি টিম কাজ করবে। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের প্রচার উপকমিটির কয়েকজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেছেন, টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার, রোড শো, পথসভা, কর্মী সমাবেশ, পোস্টার ও পুস্তিকা প্রকাশ, ইলেকট্রনিক বিলবোর্ড এবং প্রজেক্টরের সহায়তায় সরকারের উন্নয়ন ও আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
প্রচারের দায়িত্বে থাকা দলটির নেতারা চিন্তা করছেন, রাত সাড়ে আটটার পর থেকে সাড়ে নয়টা পর্যন্ত টেলিভিশনের প্রাইম টাইমের (যে সময়ে সবচেয়ে বেশি দর্শক থাকে) ‘চাঙ্ক’ (নির্দিষ্ট সময়) কিনে কিংবা বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করে একযোগে সব চ্যানেলে সরকারের উন্নয়ন ও বিরোধী দলের ধর্মীয় অপপ্রচারের জবাব দিতে বিশেষ ‘প্রামাণ্যচিত্র’ সম্প্রচার করা হবে। এ ছাড়া দুটি অনুষ্ঠানের মাঝখানের (ফিলার) সময়ে স্বল্প আকারের বিজ্ঞাপন দেওয়া হবে। পাশাপাশি ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়ন ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তরুণ প্রজন্মকে আহ্বান জানানো হবে।
মূলত প্রচারপদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় যেভাবে প্রচার চালানো হয় আগামী সংসদ নির্বাচনের আগে সেই পদ্ধতি অনুসরণ করা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রথম আলো ডটকমকে বলেন, ‘একজন ব্যক্তিও যেন প্রচারের আওতা থেকে বাদ না পড়েন, সেভাবেই প্রচার চালানো হবে।’
দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রচার সুসংহত করতে আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ২৫ জন সদস্য কাজ করছেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, সাংসদ রেজা আলী, ডিজাইনার তারিক সুজাতসহ বেশ কয়েকজন। বিদেশ থেকে কয়েকজন বিশেষজ্ঞ এই প্রচার বিষয়ে আওয়ামী লীগকে সহায়তা করবেন। তবে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টি দেখবেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
দলের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রচার উপকমিটির সদস্য প্রথম আলো ডটকমকে জানান, ইতিমধ্যে প্রামাণ্যচিত্রের কাজ চলছে। পোস্টারেরও নকশা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসের শেষ দিকে পুরোদমে প্রচারকাজ শুরু হবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিত্বে অনুষ্ঠিত হবে সেটার ওপর নির্ভর করে প্রচারপদ্ধতি বদল হতে পারে।
দলটির দায়িত্বশীল কয়েকটি সূত্র বলছে, হেফাজত নিয়ে বিরোধী দল যে অপপ্রচার চালিয়েছে, তাঁর জবাব দিতে গ্রাম পর্যায়ে ‘গুচ্ছ প্রচার কমিটি’ করা হবে। কমিটির সদস্যদের কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাঁরা জনে জনে অপপ্রচারের বিরুদ্ধে কথা বলবেন।
এই বিষয়গুলো নির্ধারণ করতে ১৮ আগস্ট গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। প্রচার-ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই দিন শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত ১৮টি টিমের নাম প্রস্তাব করা হবে। দলীয় সভানেত্রীর চূড়ান্ত অনুমোদনের পর সমগ্র দেশে কাজ শুরু করবেন প্রচার টিমের সদস্যরা।
আওয়ামী লীগের প্রচারের বিষয়ে জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রচার সম্পাদক নূহ উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘অপপ্রচার করে বিএনপি-জামায়াত-হেফাজত যে ক্ষতি করেছে, তার জন্য বিশেষ প্রচার-ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। বিলবোর্ডে দলের সাফল্য প্রচার নিয়ে সমালোচনা হলেও এটা একটা চমক ছিল। সামনে আরও চমক আসছে।’