প্রচারে নেমে বিক্ষোভের মুখে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবিথ আউয়ালের পক্ষে গতকাল দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর গাড়িবহরটি উত্তরার জসীমউদ্‌দীন এলাকায় গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে ঘিরে ধরে বিক্ষোভ করেন l প্রথম আলো
তাবিথ আউয়ালের পক্ষে গতকাল দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর গাড়িবহরটি উত্তরার জসীমউদ্‌দীন এলাকায় গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে ঘিরে ধরে বিক্ষোভ করেন l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে নেমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনজোয়ার দেখে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। সারা দেশে সন্ত্রাস শুরু করেছে। কিন্তু কোনো বাধা মানবেন না, নির্দ্বিধায় এগিয়ে যাবেন।
গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে নামেন খালেদা জিয়া। প্রায় সাড়ে চার ঘণ্টায় তিনি উত্তরা, যমুনা ফিউচার পার্ক, সুবাস্তু নজর ভ্যালি এলাকায় প্রচারণা চালান। উত্তরায় প্রচার চালানোর সময় খালেদা জিয়া কয়েক দফায় সরকারদলীয় নেতা-কর্মীদের কালো পতাকা বিক্ষোভের মুখে পড়েন। রাতে উত্তরা থেকে যান সুবাস্তু নজর ভ্যালিতে। সেখানে একটি দোকানে এক ব্যক্তি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ম্যাডাম আমরা নির্বাচনে সেনাবাহিনী চাই। জবাবে খালেদা জিয়াও বলেন, আমরা সবাই সেনাবাহিনী চাই। কিন্তু তারা (সরকার) ভোট চুরি করবে, এ জন্য সেনাবাহিনী চায় না। যদি কারচুপি না করা হয়, তাহলে আমরা তিনটি সিটি করপোরেশনেই জিতব।
কোনো বাধার মুখে পড়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘কোথাও কোনো বাধা মানি না। আমি নির্ভয়ে, নির্দ্বিধায় এগিয়ে যাব। কারণ আমার সঙ্গে জনগণ আছে।’
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গুলশানের বাসা থেকে বের হন খালেদা জিয়া। সোজা চলে যান উত্তরা ১ নম্বর সেক্টরে। এখানে তাঁর গাড়িবহরে ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা যোগ দেন। খালেদা জিয়া যাবেন—এমন খবরে আগ থেকেই জসীমউদ্দীন রোডের মোড়ে কালো পতাকা নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
খালেদা জিয়া আসছেন—এ খবর পেয়ে উত্তরা থানা আওয়ামী লীগের সভাপতি এস এম তোফাজ্জল ও সাধারণ সম্পাদক হাবীব হাসানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে দাঁড়ান। তাঁরা বিক্ষোভ করেন। বিএনপির কর্মীরাও পাল্টা স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। সরকারদলীয় নেতা-কর্মীদের হাত ও মাথায় ছিল কালো কাপড়। তাঁরা খালেদা জিয়ার গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেন। এ সময় তাঁরা ‘আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব চাই’, এ ধরনের স্লোগান দেন। খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাকর্মী ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয়। একটু পর বিক্ষোভকারীরা একপাশে সরে দাঁড়ালে খালেদা জিয়ার গাড়ি মূল সড়কে ওঠে সামনের দিকে চলে যায়।
সেখান থেকে খালেদা জিয়া উত্তরার এসবি প্লাজা ও আমির প্লাজায় বিভিন্ন দোকানে প্রচার চালান। খালেদা জিয়া আমির প্লাজায় গেলে এর একটু সামনে কসমস শপিং কমপ্লেক্সের সামনে কালো পতাকা নিয়ে আবারও মিছিল বের করেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন।
প্রচারের সময় খালেদা জিয়ার উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির কয়েক শ নেতা-কর্মী ভিড় জমান। তবে তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন না। এখান থেকে খালেদা জিয়া যান হাউস বিল্ডিং এলাকায়। এখানেও রাস্তায় কালো পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খালেদা জিয়া যান উত্তরার নর্থ টাওয়ারে। সেখানে কয়েকটি দোকানে তিনি প্রচারপত্র বিলি করেন। এ সময় ছাত্রলীগের শ খানেক নেতা-কর্মী কালো পতাকা হাতে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখান থেকে খালেদা জিয়া যান যমুনা ফিউচার পার্কে। সেখানকার কয়েকটি দোকানে তিনি প্রচারপত্র বিলি করেন। এরপর সুবাস্তু নজর ভ্যালিতে জনসংযোগ করে রাত নয়টার দিকে বাসায় ফিরে যান খালেদা জিয়া।