পিরোজপুর-৩ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঠবাড়িয়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর জেলা বিএনপি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক গাজী নুরুজ্জামান। লিখিত অভিযোগে বলা হয়, সাংসদ আনোয়ার হোসেনের নির্দেশে আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবিরকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন না। প্রতিদিন দলীয় ক্যাডাররা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মারধর করছে এবং হুমকি দিচ্ছে। কয়েক দিন ধরে তারা বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তাঁদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লাও রয়েছেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংসদের নির্দেশে পক্ষপাতমূলক আচরণ করছেন। এ অবস্থায় তাঁরা ইউএনও ও ওসিকে অপসারণের এবং সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি রফিউদ্দিন আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ শান্ত রাখার জন্য সাংসদসহ আমি ও আমার দলের কর্মীরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসন নিরপেক্ষভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।’সাংসদ আনোয়ার হোসেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।