ভোলা : সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থী
প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে
ভোলার রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) যিনি আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন, তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্য নন। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। পোস্টার ছেঁড়াসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন।
গতকাল শনিবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক চৌধুরী লিখিতভাবে এসব অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, আওয়ামী লীগের সদস্য যে কেউ হতে পারে, আওয়ামী লীগ তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দকে গুরুত্ব দিয়েছে, আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমানের পক্ষে তৃণমূলের নেতা-কর্মীরা থাকায় তিনি মনোনীত হয়েছেন।
এ ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন।
লিখিত বক্তব্যে রেজাউল হক বলেন, তিনি জেলা শ্রমিক লীগের সাবেক সম্পাদক ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁকে বাদ দিয়ে মিজানুর রহমান খানকে আওয়ামী লীগ থেকে মনোনীত করা হয়। যাঁকে মাছ ডাকাতি ও জলদস্যুতার অপরাধে ১৯৯৬ সালে পুলিশ আটক করে। তিনি কখনোই আওয়ামী লীগ কিংবা অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন না। বর্তমানেও নেই। তিনি কীভাবে দলীয় প্রার্থী হলেন।
রেজাউল হক আরও বলেন, প্রতীক বরাদ্দ দেওয়ার পর আওয়ামী লীগের লোকজন তাঁকে প্রচারে বাধা দিয়ে আসছে। তাঁর পোস্টার ছেঁড়াসহ কর্মীদের পিটিয়ে জখম করেছে। এ অবস্থায় প্রচার চালাতে গেলে সংঘাত সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান খান বলেন, ‘আমার বিরুদ্ধে রেজাউল হক অপপ্রচার চালাচ্ছেন। আমি গত কয়েক বছর যাবৎ রাজাপুরের মানুষের পাশে থেকে আওয়ামী লীগের পতাকাতলে জনসেবা করছি। দল খুশি হয়ে আমাকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনীত করেছে। আমি আমার মতো, রেজাউল হক রেজাউল হকের মতো প্রচার চালাচ্ছে। আমি কাউকে বাধা দিচ্ছি না। গত পাঁচ বছর রাজাপুরের জনগণ বর্তমান চেয়ারম্যানকে কাছে পায়নি। তিনি বিক্ষুব্ধ জনগণের কাছে ভোট চাইতে গেলে তারা বাধা দিয়েছে। এখানে আমার কোনো দোষ নেই।’