প্রচারে ব্যস্ত আ.লীগ, বিএনপিকে বাধা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবু তাহেরের পোস্টার-ব্যানার সবখানে। তার মধ্যে অনেক পোস্টার নীল রঙের। এ ছাড়া নাম-ছবি সংবলিত প্লাস্টিক ব্যানারও কয়েকটি স্থানে ঝুলছে। অবশ্য অন্য কাউন্সিলর প্রার্থীদের পোস্টার নেই বললেই চলে।
বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. মাসুদ খানের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাঁদের গণসংযোগে বাধা দিচ্ছেন। শাহ আলী থানার পুলিশও বাধা দিয়েছে।
মাসুদ খান গত রোববার বলেন, ‘আমরা তো মাঠেই থাকতে পারতেছি না। পোস্টার লাগালে ছিঁড়ে ফেলছে, মাইক বন্ধ করে দিচ্ছে, কর্মীদের হয়রানি করছে। আমি ১৬ তারিখে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।’ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু তাহের। বললেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা। শাহ আলী থানা তো আমাদের ওয়ার্ডের মধ্যেই না। আমাদের ওয়ার্ড তো দারুস সালাম থানায়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এমন অভিযোগ পাইনি। আমি খোঁজ নিয়ে দেখছি।’ মাসুদ খানের অভিযোগ, শাহ আলী থানার উপপরিদর্শক মমিরুল হক তাঁর নির্বাচনী কার্যালয়ে এসে হুমকি দিয়ে গেছেন। কার্যালয়ে সমর্থকদের কেউ এলে ধরে নিয়ে যাওয়া হবে বলেও শাসিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে মমিরুল হক বলেন, ‘এ ধরনের কোনো কাজ আমি করি নাই’। তিনি দাবি করেন, কয়েক দিন আগে মাসুদ খানের কার্যালয়ের বাইরে হেরোইনসেবী কয়েকজনকে ধরতে গিয়েছিলেন। তখন কার্যালয়ের ভেতরে থাকা লোকজনের সঙ্গে তাঁর ফটকের বাইরে থেকে কথা হয়েছে। কিন্তু কাউকে হুমকি দেননি।
ওয়ার্ডের সরাসরি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। তবে তাঁদের মধ্যে দুজন জানিয়েছেন, প্রতীক পেলেও তাঁরা নির্বাচন থেকে একরকম সরে দাঁড়িয়েছেন।
রাজধানীর দারুস সালাম, মিরপুর কলোনি ও গাবতলীর কিছু অংশ নিয়ে গঠিত ১০ নম্বর ওয়ার্ড। ১ দশমিক ৬৬৯ বর্গকিলোমিটারের এ ওয়ার্ডে মোট ভোটার ৫৮ হাজার ৬৮০ জন। এর মধ্যে পুরুষ ৩০ হাজার ৬৮৭ জন, আর নারী ২৭ হাজার ৯৯৩ জন।
ওয়ার্ডের দ্বিতীয় কলোনি নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনেই একটি জলাশয়। জলাশয়ের চারপাশে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। নগর স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জলাশয়ে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে নোটিশ লাগানো হলেও অনেকে তা মানছেন না। এক নারী জলাশয়ে ময়লা ফেলতে এলে তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি স্বাস্থ্যকেন্দ্রের পেছনেই থাকেন এবং প্রতিনিয়ত এখানেই ময়লা-আবর্জনা ফেলেন। দেখা যায়, ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের পাশের সড়কটি বেহাল। সড়কের উন্নয়নকাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বেহাল রাস্তার কারণে সড়কের মাথায় অবস্থিত দ্বিতীয় কলোনি নগর স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে আসা যানবাহন ও অ্যাম্বুলেন্সগুলোকে অনেক ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ সড়কটি ছাড়াও প্রথম কলোনি ও দ্বিতীয় কলোনির ভেতরের বিভিন্ন সড়ক, লালকুঠি, বর্ধনবাড়ি ও কৃষ্ণচূড়া আবাসিক এলাকার সড়ক, গাবতলী পুলিশ ফাঁড়ির সামনের সড়ক ভাঙাচোরা-এবড়োখেবড়ো। অনেক সড়কে চলছে খোঁড়াখুঁড়ি।
ওয়ার্ডের বিভিন্ন এলাকার অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় পানির সমস্যা রয়েছে। ওয়াসার পানিতে মাঝেমধ্যেই আসে দুর্গন্ধ। তাঁরা অভিযোগ করেন, ওয়ার্ডের কয়েকটি স্থান মাদকের পরিচিত স্পট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে অভিযান চালালেও বন্ধ হয় না মাদকসেবীদের আড্ডা।