প্রচারে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অংশগ্রহণের পক্ষে নয় আইন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের প্রচারে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ বাদ দিয়ে নির্বাচনী আচরণবিধি তৈরি করার পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত আচরণবিধি যাচাই-বাছাই করে মন্ত্রণালয় এই মত দিয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে নির্বাচনও দলীয়ভাবে করার পক্ষে মন্ত্রণালয়।
জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ও আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এসব মত দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় মন্ত্রী-প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের ক্ষেত্রে বিদ্যমান আচরণবিধি বহাল রাখতে বলেছে। আইন মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে।
আইনমন্ত্রীর কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, সংসদ ও আইন প্রণয়ন বিভাগের সচিব শহিদুল হক, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব জেসমিন টুলি অংশ নেন।
পৌর নির্বাচনের বিদ্যমান আচরণবিধিতে বলা আছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারে বা নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন না। তবে এসব ব্যক্তি কোনো এলাকার ভোটার হলে কেবল ভোট দেওয়ার জন্য তিনি ওই এলাকায় যেতে পারবেন। জাতীয় সংসদের উপনির্বাচনের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য।
গতকাল বৈঠক শেষে সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করে কিছু বিষয় বাদ দিতে এবং কিছু বিষয় যোগ করতে বলেছে। মন্ত্রণালয় থেকে আচরণবিধিটি আসার পর এ নিয়ে কমিশন আবার বসবে। তারপর চূড়ান্ত করা আচরণবিধি আবার মন্ত্রণালয়ে পাঠানো হবে স্মারক নম্বর বসানোর জন্য। তারপর কমিশন তা গেজেট আকারে প্রকাশ করবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারকপ্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি সংশোধনের সময় কমিশনের বৈঠকে আমি ছিলাম না। যে কারণে বিষয়টি এখন কোন পর্যায়ে আছে, তা আমার জানা নেই।’
দলীয় পরিচয় ও প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য অধ্যাদেশ জারির পর নির্বাচন কমিশন আচরণবিধি সংশোধন করে গত বৃহস্পতিবার তা যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, হুইপ, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁরা সরকারি সুবিধা ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছিলেন, নির্বাচন দলীয় পরিচয় ও প্রতীকে অনুষ্ঠিত হবে। সে জন্য কমিশন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ রেখেছে।
কমিশনের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন সরকারি দলের একাধিক নেতা। তবে সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপি ও সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এই প্রস্তাবের সমালোচনা করেছে।
আইন মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা গতকাল বলেন, কমিশনের প্রস্তাবিত আচরণবিধি হলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র নষ্ট হবে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উপস্থিতি নির্বাচনের ফলে প্রভাব ফেলবে। তা ছাড়া এই আচরণবিধি বিরোধী দল মানবে না। এ নিয়ে কেউ আদালতে গেলে পুরো নির্বাচনই স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এ কারণে মন্ত্রণালয় আগের বিধান বহাল রাখতে বলেছে।
বৈঠকে কাউন্সিলরদের নির্বাচন দলীয়ভাবে করা না-করা নিয়েও আলোচনা হয়। সরকারের উচ্চপর্যায় থেকে কাউন্সিলর পদে নির্বাচন নির্দলীয়ভাবে করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বৈঠক সূত্র বলেছে, বৈঠকে মন্ত্রণালয় বলেছে, প্যানেল মেয়র কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত হন। এ অবস্থায় মেয়র রাজনৈতিক পরিচয়ে ও কাউন্সিলররা নির্দলীয়ভাবে নির্বাচিত হলে প্যানেল মেয়র মনোনয়নের ক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হবে। তা ছাড়া এই প্রস্তাব গ্রহণ করা হলে জারি করা স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ আবার সংশোধন করতে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়।
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, পৌরসভার মেয়র ও কাউন্সিলর—সবাই একই পরিষদের অংশ। তাই এতে দুই ধরনের আইন থাকতে পারে না। মেয়ররা দলীয়ভাবে আর কাউন্সিলররা নির্দলীয়ভাবে নির্বাচিত হলে বিষয়টি বৈষম্যমূলক হবে। এ কারণে কাউন্সিলর পদেও দলীয়ভাবে নির্বাচন হবে এবং দলীয় প্রার্থীরা নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।