কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৩১ মার্চ। ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। পোস্টারে ছেয়ে গেছে গ্রামগঞ্জ, হাটবাজার। প্রচারে শিক্ষার্থীদের সংখ্যায় বেশি।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, আন্ধারীরঝাড় ইউনিয়নের রায়গঞ্জ সেতুর উত্তর দিকে সড়কের দুই ধারে কয়েকজন শিশু ও তরুণ পোস্টার লাগাচ্ছে। তারা সবাই বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। আসন্ন ইউপি নির্বাচনে তারা চেয়ারম্যান ও ইউপি সদস্যের পক্ষে কাজ করছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা শেষ ও স্কুল বন্ধ থাকায় তারা প্রচারণায় নেমেছে। তারা হলো ফরীদ, শিপন, মুরাদ, রওশন ও সাব্বির। ফরীদ, মুরাদ কলেজের, বাকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সবাই আনন্দের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা রাজু আহাম্মেদ ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী আনিছা বেগমের পোস্টার লাগাচ্ছে।
আন্ধারীরঝাড় বাজারে দেখা যায়, সড়ক, দোকানঘরসহ বিভিন্ন দেয়াল প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা। বাজারের হাতেম আলী নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বলেন, ৩১ মার্চ নির্বাচন। চেয়ারম্যান পদে আন্ধারীরঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক নৌকা, জাভেদ হোসেন মণ্ডল লাঙল ও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহাম্মেদ ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে বিএনপির কোনো প্রার্থী নেই।
খামার আন্ধারীরঝাড় ফকীরটারী গ্রামে ইউপি সদস্য পদের প্রার্থী আবদুল জলিলের ফুটবল মার্কার পক্ষে পোস্টার লাগাচ্ছে ভূরুঙ্গামারীর কলেজছাত্র লেবু ও সবুজ। রাবাইটারী আনন্দ মোড়ে রাজু আহাম্মেদের পোস্টার লাগাচ্ছে দিয়াডাঙ্গা কলেজের ছাত্র ছাত্র মিলন, জিয়াউর রহমান ও কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র রুবেল।
২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় টিনের ঘড়ে পোস্টার লাগানো হচ্ছে লাঙল প্রতীকের। এ পোস্টার লাগাচ্ছে স্কুল-কলেজের কয়েকজন ছাত্র। পড়াশোনা বাদ দিয়ে পোস্টার লাগাচ্ছ কেন, জানাতে চাইলে তারা বলে, ‘স্কুল-কলেজ বন্ধ, তাই কাজ করতাছি।’ খামার আন্ধারীরঝাড়ে চারটি সাইকেলে তিন তরুণ মো. ফজলুল হক মণ্ডলের ছবিসহ সাদা-কালো পোস্টার নিয়ে প্রচার চালাচ্ছে।
গতকাল বিকেল চারটায় নৌকার প্রার্থী মো. ফজলুল হক মণ্ডলের সঙ্গে দেখা হয়, বীর বারুইটারী ম্যাজিশিয়ান আলাউদ্দিনের বাড়ির সামনে। তিনি সবার কাছে দোয়া চাইছেন। হাত মেলাচ্ছেন। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সাংসদ নাগেশ্বরীতে বইসা লোক ডাইকা নিয়া কানফুঁক দেয়। এ ছাড়া সব ঠিক আছে।’
স্বতন্ত্র প্রার্থী রাজু আহাম্মেদ বলেন, ‘আমি শান্তিপ্রিয় মানুষ। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ভোটের পর আমার প্রতিপক্ষ যেন বলতে না পারে ছেলেটি খারাপ। আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র প্রার্থী।’
জাতীয় পাটির প্রার্থী জাভেদ আলী মণ্ডলের সঙ্গে দেখা হয় ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে। তিনি বলেন, ‘আমি সবার দোয়া চাই। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’