প্রচারের অভাব, শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণার অভাব ও অভিভাবকদের অসচেতনতার কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নের অনেক শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না। প্রয়োজন ছাড়া কোনো অভিভাবকই তাঁদের শিশুদের ঠিক সময়ে জন্মনিবন্ধন করাচ্ছেন না বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) আইনে বলা হয়েছে, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে এসে বাধ্যতামূলক জন্মনিবন্ধন করতে হবে।
দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গ্রামের তমিজ উদ্দিন বলেন, ‘শিশুর আবার জন্মনিবন্ধন কিছুর। আমরা বাবা ইতা জানি-টানি না।’ ছাতিচর ইউনিয়নের ছাত্রীর গ্রামের কৃষক জমলে মিয়া বলেন, জন্মনিবন্ধনের বিষয়ে চেয়ারম্যান কোনো দিন তাঁদের বলেননি বা এলাকায় মাইকযোগে প্রচার করাননি। সদর ইউনিয়নের বানিয়াটি গ্রামের শুক্কুর মাহমুদ বলেন, ‘শিশুর জন্মনিবন্ধনের বিষয়টি আমরা এখনো শুনিনি।’
সিংপুর ইউপির সদস্য নাসিরউদ্দিন বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। জন্মনিবন্ধনের বিষয়ে মাইকযোগে বা অন্য কোনোভাবে প্রচারণাও চালানো হয়নি।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, কিছুটা প্রচারণার অভাব ও অভিভাবকদের সচেতনতার অভাবে এমনটি হচ্ছে। ইউনিয়ন পরিষদের আইনে আছে, যদি কোনো অভিভাবক পরিষদে আসতে না পারেন, তবে নিজ নিজ এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে নাম-ঠিকানা লিখে দিতে পারেন। গ্রাম পুলিশ পরিষদের সচিবের কাছে সেটি জমা দিলেই শিশুটির জন্মনিবন্ধন তালিকাভুক্ত হয়ে যায়।
ছাতিরচর ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হাওর এলাকায় সাক্ষরতার হার কম। রয়েছে সচেতনতার অভাব। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন করাতে হবে, সেটি শতকরা ৯৫ জন অভিভাবকই জানেন না। আমরা কী করব। আমরা তো আর বাড়ি বাড়ি ঘুরে জন্মনিবন্ধন করতে পারব না।’ একই কথা বলেন, গুরুই ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও দামপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুব রহমান।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুল হক বলেন, প্রয়োজন ছাড়া কোনো অভিভাবকই তাঁদের শিশুদের ঠিক সময়ে জন্মনিবন্ধন করাচ্ছেন না। শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার আগে অভিভাবকেরা তাঁদের শিশুদের জন্মনিবন্ধন করাতে আসেন। তবে লোকজনকে সচেতন করতে নানা ধরনের কর্মকাণ্ড প্রত্যেক ইউপি থেকে করা হয় বলে দাবি করেন তিনি।
নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজা সম্প্রতি বলেন, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন না করলে অনেক শিশুর বিদ্যালয়ে ভর্তির সময় সমস্যা হয়। শিশুদের সঠিক বয়স জানা যায় না। তাই শিশুদের জেএসসি ও জেডিসি পরীক্ষার সময় বয়স নিয়ে সমস্যায় পড়তে হয়। অনেক ছাত্রছাত্রী পরীক্ষাও দিতে পারে না।
নিবন্ধনের হার বাড়াতে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে তিনি আলোচনা করবেন। কীভাবে বেশি প্রচারণা চালিয়ে শিশুদের জন্মনিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা যায়, সেটি তিনি দেখবেন বলে জানান।