প্রচারের অভাবে কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য, প্রচারণার অভাব, বাড়তি উৎপাদন খরচ ও খাদ্য বিভাগের সদিচ্ছার অভাবে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা হয়। সভার সঞ্চালক ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। তিনি বলেন, ভোলায় চাহিদার তুলনায় ব্যাপক পরিমাণ ধান আবাদ হচ্ছে। কিন্তু কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষক। অথচ খাদ্য বিভাগ বিগত বছরে চাহিদার ন্যূনতম ধান-গম ক্রয় করতে পারেনি।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেন, ভোলার আবহাওয়া ও পরিবেশের কারণে ধানের আর্দ্রতা বেশি থাকে। অনেক কৃষক ধান পাকার সঙ্গে সঙ্গে কেটে আনে খেত থেকে। খাদ্য বিভাগ শতকরা ১৪ ভাগ আর্দ্রতাযুক্ত ধান ক্রয় করে। এ নিয়ম পাল্টে আর্দ্রতার ভাগ বাড়াতে হবে। প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, ধান ক্রয়ের ক্ষেত্রে খাদ্য বিভাগের সদিচ্ছার অভাব রয়েছে। ধান ক্রয় করলে প্রতি ইউনিয়নে একটি গুদাম, একটি চাতাল ও ধান-গম ক্রয়কেন্দ্র দরকার। যমুনা টিভির প্রতিনিধি জাকির হোসেন বলেন, সরকার কৃষকদের কম খরচে ধান উৎপাদনের জন্য যে বিদ্যুৎ, সার ভর্তুকি ও কৃষি-প্রণোদনা দিচ্ছে, তা প্রকৃত কৃষক পাচ্ছেন না। ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

চ্যানেল ২৪-এর প্রতিনিধি আদিল হোসেন বলেন, সরকার বেশি দামে ধান ক্রয় করছে, তার খবর কৃষক জানেন না। এ জন্য প্রচারণা চালাতে হবে। সংবাদ প্রতিনিধি শিক্ষক শহিদ তালুকদার বলেন, মধ্যস্বত্বভোগী খেত থেকে কম মূল্যে ধান ক্রয় করে। এ প্রক্রিয়া বন্ধ করতে হবে। সময় টিভির প্রতিনিধি নাছির লিটন বলেন, সমবায়ের ভিত্তিতে কৃষকের উৎপাদিত পণ্য বিপণন করতে পারলে কৃষক ন্যায্যমূল্য পাবেন।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার, ইউএনও কাজী তোফায়েল হোসেন প্রমুখ।