নির্যাতিত নারী ও শিশুদের সহায়তা দিতে গত ২৬ জানুয়ারি চট্টগ্রামে চালু হয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। কিন্তু প্রচার কম থাকায় সাড়ে আট মাসে নির্যাতিত কোনো নারী নিজ থেকে এই সেন্টারে আসেননি। এখন পর্যন্ত সেবা নেওয়া ৩৫ জনের বেশির ভাগই থানার মাধ্যমে এই সেন্টারে এসেছেন।
ভিকটিম সাপোর্ট সেন্টার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যথাযথ প্রচার পেলে আরও যথেষ্টসংখ্যক নির্যাতিতকে সেবা দেওয়া সম্ভব। এ পর্যন্ত যারা এই সেন্টারে এসেছে, তাদের বেশির ভাগই হারিয়ে যাওয়া শিশু। এ ছাড়া বাড়ি থেকে রাগ করে পালিয়ে আসা নারীদের কেউ কেউ এখানে সেবা পেয়েছেন।
গতকাল শনিবার সাপোর্ট সেন্টারে গিয়ে একজন ভিকটিমের খোঁজ পাওয়া গেল। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে ঈদুল আজহার রাতে থানার মাধ্যমে এখানে এসেছেন। স্বামীর সঙ্গে ঝামেলা মিটে গেছে। বিকেলে ফিরে যাচ্ছেন।
সেন্টারে দায়িত্বরত কনস্টেবল জনি দেব দাস জানান, গত ২০ দিনে এখানে দুজন ভিকটিম এসেছে। ৩০ সেপ্টেম্বর এখানে রূপবান নামের ১২ বছর বয়সী একটি হারিয়ে যাওয়া শিশুকে আনা হয়েছিল। অভিভাবকের খোঁজ না পাওয়ায় শিশুটিকে স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয় বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, ইউএনডিপির সহায়তায় পুলিশের সংস্কার কর্মসূচির আওতায় চট্টগ্রামের ডবলমুরিং থানার কম্পাউন্ডে এই ভবন তৈরি হয়েছে। নির্যাতিত যেকোনো নারী বা শিশু পাঁচ দিন বিনা খরচে এখানে থাকার সুযোগ পাচ্ছে। তবে ক্ষেত্রবিশেষে অনেককে সাত থেকে সর্বোচ্চ ১১ দিনও রাখা হয়েছে। নয় বছরের নিচের ছেলেশিশুরাও এখানে সেবা পাচ্ছে।
সেন্টার সূত্রে জানা গেছে, সেন্টারটি চালুর আড়াই মাস পর এখানে প্রথম ভিকটিম আসেন। স্বামীর সঙ্গে রাগ করে লালমনিরহাট থেকে পালিয়ে আসা ১৭ বছর বয়সী এক কিশোরীকে এখানে দিয়ে যান অপরাজেয় বাংলাদেশ সংগঠনের কর্মীরা। পরে তাঁকে এখানে পাঁচ দিন রেখে কাউন্সেলিং শেষে স্বামীর কাছে ফেরত পাঠানো হয়।
সাপোর্ট সেন্টারের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক ইয়াসমিন আরা বেগম। এ ছাড়া আরও ছয়জন নারী ও দুজন পুরুষ কনস্টেবল এখানে কর্মরত আছেন। ইয়াসমিন আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘সেন্টারটি নতুন হওয়ায় অনেকেই জানেন না। সেন্টারের প্রচারের জন্য আমরা কিছু লিফলেট বিলি করেছি। আরও প্রচার দরকার। তবে ধীরে হলেও সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে।’
পুলিশ সংস্কার কর্মসূচির জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খন্দকার বলেন, ‘শুরুতে আমরা সেখানে কর্মরতদের প্রশিক্ষণের ওপর বেশি জোর দিয়েছি। এখন সেন্টারের প্রচার বাড়ানোর জন্য নানা উদ্যোগ নিচ্ছি। প্রচার বাড়ানোর জন্য নগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিলবোর্ড বা পোস্টার সাঁটানোর চিন্তাভাবনা চলছে। এ ছাড়া স্থানীয় কেব্ল টিভিতেও প্রচার চালানোর পরিকল্পনা আছে। তবে প্রচারের জন্য গণমাধ্যমের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।’