প্রচারের অভাবে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ২০০৯ সালের এপ্রিলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মুঠোফোনের সেট দেওয়া হয়। অথচ উপজেলার অধিকাংশ মানুষই এর নম্বর জানে না। প্রচারের অভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ২০০৯ সালে সারা দেশে চার শতাধিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। এর অংশ হিসেবে ওই বছরের ২৩ এপ্রিল গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে মুঠোফোনে বিনা মূল্যে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য একটি সেট দেওয়া হয়। এর নম্বর ০১৭৩০৩২৪৫৪৯। কিন্তু প্রচারণার অভাবে পৌর শহরের বাসিন্দাদের পাশাপাশি চরাঞ্চলের মানুষও এ নম্বর জানে না।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী হাসপাতালের জরুরি বিভাগের যে চিকিৎসা কর্মকর্তা কর্তব্যরত থাকবেন, তাঁর কাছেই সেটটি থাকবে। একই সঙ্গে চিকিৎসা কর্মকর্তাদের এ বিষয়টি উপজেলা পর্যায়ের বিভিন্ন সভায় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের জানানোর কথা।গতকাল রোববার কাটাখালি গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আবুল বাসারের কাছে মুঠোফোনে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি জানেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এই প্রথম আপনার কাছ থেকে জানলাম।’উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, ‘আমি নিজেই নাম্বার জানি না, আমার ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষ জানবে কীভাবে? উপজেলায় কত প্রকারের সভা হয়, কখনো কোনো সভায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ওই নাম্বারটি জানায়নি।’হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘প্রচারণা চালানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি। গত মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ নম্বর প্রদর্শনের জন্য একটি বোর্ড পাঠানো হয়েছে। আসার পরই আমরা কিছুদিন আগে টাঙিয়ে দিয়েছি।’