প্রচারের অভাবে হিন্দু বিয়ে নিবন্ধন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচার-প্রচারণার অভাবে কিশোরগঞ্জের নিকলীতে গত দুই বছরে কোনো হিন্দু বিয়ে নিবন্ধন হয়নি। উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক দায়িত্ব পাওয়ার পর থেকে কার্যালয়ে অলস সময় পার করছেন।
২০১২ সালের ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হিন্দু বিবাহ নিবন্ধন আইনটির অনুমোদন দেন। ২০১৩ সালের ২৭ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই বছরের ২৫ আগস্ট এই উপজেলায় হিন্দু বিয়ের নিবন্ধক হিসেবে নিয়োগ দেওয়া হয় সুকান্ত আচার্যকে।
সুকান্ত¯আচার্য বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর কাছে একটি বিয়েও নিবন্ধন করতে আসেনি উপজেলার কোনো হিন্দুধর্মাবলম্বী বর-কনে পক্ষ। দুই বছর ধরে কার্যালয় ভাড়া ও প্রতিবছর ৩১ মার্চ ১ হাজার ১৫০ টাকা সরকারি ফির টাকা জমা দিচ্ছেন তিনি। তাঁর অভিযোগ, সরকারি-বেসরকারি প্রচারের অভাবে এমনটি হচ্ছে। তাঁর হিসাব অনুযায়ী, উপজেলার সাতটি ইউনিয়নে প্রায় ১০ হাজার হিন্দুধর্মাবলম্বী বসবাস করেন। প্রতিবছর উপজেলায় বহু হিন্দু বিয়ে অনুষ্ঠিত হয়। কিন্তু তাঁর কাছে বিয়ে নিবন্ধনের জন্য কোনো পক্ষই আসে না।
গত ১০ অক্টোবর বিয়ে হয় উপজেলার সদর ইউনিয়নের সাইটদার গ্রামের নারায়ণ দেবনাথের মেয়ের। নারায়ণ দেবনাথ বলেন, ‘বিয়ে দিলে নিবন্ধন করতে হবে—এমন কথা আমি কোনো দিন শুনিনি। আর এ ব্যাপারে আমাদের এলাকায় মাইকযোগে কেউ প্রচারও করেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, ‘হিন্দু বিয়ে নিবন্ধনের বিষয়ে সভা-সেমিনার বা মাইকে প্রচারণা চালানোর দরকার ছিল। কিন্তু এসব করা হয়নি। নিকলীতে সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) না থাকায় কাজের চাপে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না। তবে কিছুদিনের মধ্যে হিন্দু নেতাদের নিয়ে আলোচনা করে বিয়ে নিবন্ধনের প্রচারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, মূলত প্রচারণার অভাবেই এমনটি হচ্ছে। মুসলিম আইনে নিবন্ধন করার বাধ্যবাধকতা থাকলেও হিন্দু আইনে এ রকম নেই। তাই নিবন্ধন না করেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি জীবন আচার্য ও সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ বলেন, দাম্পত্য জীবনের নানা সমস্যায় আইনি সহায়তাসহ বিভিন্ন কারণে বিয়ের নিবন্ধন প্রয়োজন। বিষয়টি নিয়ে উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।