প্রচারের আড়ালে থাকায় বঞ্চনার সঙ্গে অবহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ‘বড়শণখোলা’ পাহাড়ে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবির। গত শুক্রবারের ছবি l প্রথম আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ‘বড়শণখোলা’ পাহাড়ে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবির। গত শুক্রবারের ছবি l প্রথম আলো

তারাও প্রাণভয়ে নিজের দেশ মিয়ানমার ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা। সংখ্যা ১৬ হাজারের কিছু বেশি। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে থাকে না তারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকার যোগাযোগবিচ্ছিন্ন চারটি অস্থায়ী শিবিরে বসবাস তাদের। চিকিৎসা, ওষুধ ও ত্রাণ সহায়তা পাওয়ার দিক থেকে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চেয়ে বঞ্চিত তারা।

যোগাযোগবিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় ‘হিসাবের’ বাইরে থাকা এই রোহিঙ্গারা প্রায় বন্দিজীবন কাটাচ্ছে। তীব্র শীত তাদের জন্য আরও দুর্ভোগ নিয়ে এসেছে। চারটি শিবিরের বেশির ভাগ রোহিঙ্গা শিশুর শীতবস্ত্র নেই। দুর্গম এলাকার এই রোহিঙ্গাদের নিয়ে প্রশাসন, বিভিন্ন সেবা সংস্থা ও গণমাধ্যমেরও যেন আগ্রহ কম।

গত বছরের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী জাতিগত নিধন শুরু করলে এই রোহিঙ্গারা স্থলসীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়িতে চলে আসে। উপজেলার যে চারটি অস্থায়ী শিবিরে তারা থাকে, এর সব কটি সীমান্তের শূন্যরেখায়। চার মাস ধরে সেখানে মানবেতর জীবন কাটাচ্ছে তারা।

চারটি শিবিরের মধ্যে প্রথমটি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে ‘বড়শণখোলা’ পাহাড়ে। এই শিবিরে যেতে হলে প্রথমে উপজেলা সদর থেকে গাড়িতে করে ছয় কিলোমিটার দূরে জুমছড়ি যেতে হয়। সেখান থেকে হেঁটে বা মোটরসাইকেলে করে আরও সাত কিলোমিটার পথ পাড়ি দিলে বড়শণখোলা। যাওয়ার পথে পড়ে তিনটি পাহাড়ি ছড়া (কোনোটি প্রস্থে ১০ ফুট কোনোটি ২০ ফুট) পড়ে। যে কারণে মোটরসাইকেলে করে পুরো পথ যাওয়া যায় না।

গত শুক্রবার বেলা ১১টায় এই প্রতিবেদক জুমছড়ি থেকে হেঁটে ‘বড়শণখোলা’ পাহাড়ে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে যান। জায়গাটি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে পড়েছে। পাহাড়ের ঢালে পলিথিন ও বাঁশ দিয়ে ঝুপড়ি তুলে এখানে থাকছে প্রায় সাত হাজার রোহিঙ্গা।

বড়শণখোলায় একটি ঝুপড়িতে কথা হয় রোহিঙ্গা নুরুল আলমের (৩৮) সঙ্গে। তিনি বলেন, তাঁরা চরম অবহেলার শিকার। দুর্গম জঙ্গলে অনেকটা বন্দিজীবন কাটাতে হচ্ছে তাঁদের। বেশির ভাগ শিশুর সোয়েটার বা চাদর নেই।

আরেক রোহিঙ্গা আয়াছ উল্লাহ (৪৫) বলেন, শীতের কষ্ট বড়রা কোনো রকমে সহ্য করলেও শিশুরা বেশি ভুগছে। সর্দি-জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

এই শিবির থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইজাপ্রু গ্রাম। এই শিবিরের বেশির ভাগ রোহিঙ্গার বাড়ি ওই গ্রামসহ আশপাশের এলাকায়। তাঁরা বলেন, এখান থেকে উখিয়ার শিবিরে যেতে হলে হেঁটে ও বাসে করে প্রায় ১০০ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। অথচ দুই কিলোমিটার দূরে তাদের নিজের দেশ ও গ্রাম। মিয়ানমার সরকার নিরাপত্তা দিলে তাঁরা এখান থেকে সরাসরি গ্রামে যেতে চান।

বড়শণখোলা থেকে ৩০ মিনিটের পাহাড়ি পথে হেঁটে যেতে হয় ‘সাপমারাঝিরি’ আশ্রয়কেন্দ্রে। এখানে থাকছে ২ হাজার ৫০০ রোহিঙ্গা। এই শিবিরটিও সদর ইউনিয়নে পড়েছে। তবে এর অবস্থানও সীমান্তের শূন্যরেখায়।

তৃতীয় আশ্রয়শিবিরটি নাইক্ষ্যংছড়ি সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ের ‘বাহিরমাঠ’ এলাকায়। এই শিবিরে রয়েছেন ৩৬৮ জন রোহিঙ্গা। উপজেলা সদর থেকে এই আশ্রয়কেন্দ্রে যেতে শুধু মোটরসাইকেলেই ১৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্য গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই।

এই শিবিরের বাসিন্দা রোহিঙ্গা মাঝি (নেতা) রহমত উল্লাহ (৪৬) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখানকার রোহিঙ্গারা উখিয়ায় যেতে রাজি নন। বাড়িঘরে নিরাপদে বসবাসের নিশ্চয়তা পেলে এখান থেকেই তাঁরা জন্মভূমিতে মিয়ানমারে ফিরে যেতে চান।

শিবিরের রোহিঙ্গা মাঝি শফিক উল্লাহ (৪৫) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এভাবে পড়ে থাকতে আর ইচ্ছা করে না। রাত বাড়লে কুয়াশায় ঝুপড়ির পলিথিন ভিজে যায়।

নাইক্ষ্যংছড়ির স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, প্রশাসনের নজরদারি কম থাকায় এখান থেকে শত শত রোহিঙ্গা পালিয়ে গেছে। কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে তারা।

এখানে থাকা রোহিঙ্গাদের উখিয়ার আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। তিনি বলেন, বাকি রোহিঙ্গাদের দ্রুত উখিয়ায় স্থানান্তরের উদ্যোগ না নিলে নানা ধরনের সামাজিক সমস্যা দেখা দিতে পারে।

তবে শিবির থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার তথ্য স্বীকার করেননি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল। তাঁর দাবি, চার-পাঁচ শ রোহিঙ্গা হয়তো পাহাড়ের ভেতর দিয়ে উখিয়ার শিবিরে চলে গেছে। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে ঘুমধুমের তুমব্রু সীমান্ত থেকে প্রায় তিন হাজার রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে। আরও ২ হাজার ২২৪টি পরিবারের ১৬ হাজারের বেশি রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ত্রাণশিবিরে স্থানান্তর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উখিয়ায় স্থানান্তরের পর তাদের বায়োমেট্রিক নিবন্ধন হবে।

তবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান শাখার সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, নাইক্ষ্যংছড়ির চারটি শিবিরই অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় সেখানে ত্রাণ নিতে সমস্যা হয়। তারপরও তাঁরা নিয়মিত ত্রাণ, শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করে যাচ্ছেন।