রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন একজন মেয়র পদপ্রার্থী। ভোটারদের বলছিলেন, তিনি বিজয়ী হলে বেকার সমস্যা দূর করতে সিটি করপোরেশন এলাকায় এক বা একাধিক শিল্পকারখানা স্থাপন করবেন।আরেক মেয়র পদপ্রার্থী প্রচারপত্র ছেড়ে বলেছেন, তিনি বিজয়ী হলে রংপুরে কৃষি বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয় ও সব নাগরিকের তথ্যসংবলিত ডেটাবেইস (তথ্যভান্ডার) করবেন। এ ছাড়া অপরাধ প্রবণতা বন্ধে ‘ক্রেডিট স্কোর’ প্রথা চালুরও প্রতিশ্রুতি দিয়েছেন।সিটি করপোরেশনের পক্ষে করা সম্ভব-অসম্ভব, এ রকম নানা প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনটি পার করেছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা। কাল বৃহস্পতিবার এখানে ভোট গ্রহণ হবে। শহরের কেরানিপাড়ার বাসিন্দা ও আইনজীবী ফরিদুর রহমান একটি চায়ের দোকানে একজন মেয়র পদপ্রার্থীর নির্বাচনী ইশতেহার হাতে নিয়ে অন্যদের সঙ্গে আলাপ করছিলেন। ইশতেহারে ওই প্রার্থী বগুড়া থেকে লাইন টেনে এনে রংপুরে শহরের বাসায় বাসায় গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। আরেকজন মেয়র পদপ্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন, মেয়র হলে তিনি গ্যাসলাইন বসানোর জন্য রংপুরের মানুষকে নিয়ে আন্দোলন করবেন। ফরিদুর রহমান বলেন, শহরের রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, পয়োনিষ্কাশনব্যবস্থার ঠিক নেই—এক মেয়াদে মেয়র ও কাউন্সিলররা এসব ঠিক করতে পারবেন কি না, তার কোনো ঠিক নেই। কিন্তু প্রতিশ্রুতি দিতে কার্পণ্য করছেন না কেউ।জাপার সমর্থন নিয়ে নাটকীয়তা: এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে জাতীয় পার্টির (জাপা) ভূমিকা ছিল নাটকীয়তাপূর্ণ। দল থেকে মসিউর রহমানকে (রাঙ্গা) সমর্থন দেওয়া অপর দুই নেতা মোস্তাফিজার রহমান (মোস্তফা) ও এ কে এম আবদুর রউফকে (মানিক) দল থেকে পদত্যাগ করে প্রার্থী হন। একপর্যায়ে দলীয় প্রধান এইচ এম এরশাদ ঘোষণা দেন, তিনি কাউকে সমর্থন দেবেন না। তাঁর নির্দেশে পরে মসিউর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর পর থেকে এলাকায় প্রচার ছিল, মোস্তফা বা মানিক, যেকোনো একজনকে শেষ মুহূর্তে সমর্থন দেবেন এরশাদ। এমতাবস্থায় গতকাল দুপুর ১২টায় রংপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাপার জেলা ও মহানগর কমিটির সভাপতি মসিউর রহমান। তিনি মোস্তাফিজার রহমানকে (মোস্তফা) ভোট না দিতে জাপার নেতা-কর্মী, সমর্থক ও এরশাদকে পছন্দ করেন এমন ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদকেরাও উপস্থিত ছিলেন। মসিউর বলেন, ‘মোস্তফা দলের সঙ্গে বেইমানি করেছেন। তাঁকে ভোট দেওয়া যাবে না।’ওই সংবাদ সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে এরশাদ বলেন, রংপুর সিটি নির্বাচনে তাঁর সমর্থিত কোনো প্রার্থী নেই। তিনি দলের সবাইকে আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বিকেলে শহরে মাইকে প্রচার করা হয়, মেয়র পদপ্রার্থী এ কে এম আবদুর রউফকে (মানিক) সমর্থন দিয়েছে জাপা নেতা মসিউর রহমান। কিন্তু মসিউর প্রথম আলোকে বলেন, তিনি মানিককে সমর্থন দেননি। এ ব্যাপারে মানিকের বক্তব্য পাওয়া যায়নি। আর, মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, তিনি এককভাবে নির্বাচন করছেন। তাই দলীয় সমর্থন নিয়ে ভাবছেন না।