প্রচুর ইলিশ, দামও সহনশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাছের বাজারে এখন সবচেয়ে বেশি চোখে পড়ছে ইলিশ। গত দুই দিন রাজধানীর পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ইলিশই বিক্রি হচ্ছে বেশি। একই আকারের ইলিশের দামে বাজারভেদে পার্থক্য আছে। ভারতে ইলিশ পাচার নিয়েও নানা মত আছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ‘ইলিশের আকাল চলছে’—এই অভিযোগ এবার ধোপে টিকবে না। সরকারের নেওয়া পদক্ষেপের কারণে মানুষ কম দামে বড় ইলিশ কিনতে পারছে।
গত রোববার সকাল ১০টায় মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে গিয়ে দেখা গেল চিত্রটা আলাদা। গোটা ত্রিশেক দোকানের মধ্যে নয়টাতে শুধুই ইলিশ বিক্রি হচ্ছে। এক বৃদ্ধ দম্পতি দুটি ইলিশ কিনলেন এক হাজার ৪০০ টাকায়। মাছ দুটির ওজন দেড় কেজির বেশি। এই বাজারের একাধিক দোকানি বললেন, মাছ আসছে প্রচুর, বিক্রিও হচ্ছে সে রকম। নিউমার্কেটে গিয়ে দেখা গেল, মাছ ও ক্রেতা কম। মাছের আকার ছোট। এক কেজির ওপর কোনো ইলিশ দেখা যায়নি। তবে দাম এই বাজারে সবচেয়ে বেশি। আজিমপুর সরকারি কলোনিতে ৬০০ গ্রাম ওজনের মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের মৎস্য গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক মো. আনিছুর রহমান বলেন, বৃষ্টিপাত হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর প্রচুর মাছ পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে মাছের পাইকারি বাজারে বিপুল পরিমাণ ইলিশ দেখা গেছে। এক হালি (প্রতিটির ওজন এক কেজি) ইলিশ তিন হাজার টাকায় বিক্রি হয়েছে। কয়েক শ গজ দূরে খুচরা বাজারে একই আকারের এক হালি মাছ বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকায়। তবে বিক্রেতারা যার কাছ থেকে যেমন পারা যায় দাম নিচ্ছেন। সরকারি কর্মকর্তাদের দাবি, এখন বাজারে যত ইলিশ আসছে, তার ৫০ শতাংশের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি। মৎস্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, ২০০২-০৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল এক লাখ ৯৯ হাজার মেট্রিক টন। ২০১২-১৩ অর্থবছরে উৎপাদন ছিল তিন লাখ ৫১ হাজার মেট্রিক টন। অর্থাৎ গত এক দশকে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে। সরকারের জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং গবেষণা প্রকল্পের পরিচালক এ বি এম জাহিদ হাবিব প্রথম আলোকে বলেন, জাটকা সংরক্ষণ কর্মকাণ্ড শুরু করার পর অবস্থার উন্নতি হতে শুরু করেছে।