প্রচুর ইলিশ ধরা পড়ছে, দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এ অবস্থা চলছে কয়েক দিন ধরে। বর্ষা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও এখন পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় খুশি চট্টগ্রামের জেলেরা। কিন্তু জেলেদের মুখে হাসি ফুটলেও হাসি নেই ক্রেতাদের মুখে। কারণ দাম চড়া। ফিশারিঘাটে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ পাইকারি দরে ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু নগরের সব বাজারে এ ইলিশের দাম ৬০০-৭০০ টাকা।সাগরে মৎস্য আহরণকারীদের সূত্র জানায়, গতকাল রোববার চট্টগ্রামের ফিশারিঘাটে এ বছরের মধ্যে সর্বোচ্চ ৪০টি ট্রলার একসঙ্গে মাছ নিয়ে ভিড়েছে। এসব ট্রলারে মাছ ছিল প্রায় ৪০০ থেকে ৪৫০ মণ।মৎস্য ব্যবসায়ীরা জানান, এ বছর ইলিশের মৌসুম শুরুর সময় সাগরে নিম্নচাপ ছিল। এ কারণে জেলেরা সাগরে ভালোভাবে মাছ ধরতে পারেননি। মাছও পাওয়া গেছে কম। এবার আষাঢ় মাসে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জালে ইলিশ ধরা পড়তে শুরু করেছে।সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এ বছর দেরিতে মাছ ধরা পড়ছে। জেলেদের জালে মাছ ধরা পড়া শুরু হওয়ায় ফিশারিঘাটের ব্যবসা আবারও জমজমাট হতে শুরু করেছে। আশা করি, আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যাবে।’গতকাল নগরের মোগলটুলী বাজারের মাছ ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, বড় আকারের ইলিশ কেজিপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে (৩০০ থেকে ৪০০ গ্রাম) ৩৫০ থেকে ৪৫০ টাকায়।কাজীর দেউড়ি বাজারের ক্রেতা অজিত দাশ বলেন, ‘বড় ইলিশের দাম বেশ চড়া। তাই ছোট আকারের ইলিশ কিনেছি।’পাইকারি বাজারে ইলিশ মাছের দাম কমেছে কি না জানতে চাইলে ফিশারিঘাটের মা ফিশিং অ্যান্ড অয়েলের হিসাবরক্ষক বলেন, কয়েক দিন ধরে ইলিশ মাছ ধরা পড়ছে। এতে এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কমে এসেছে।চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য সমিতির নেতারা বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম একটু বাড়তির দিকে। ছোট থেকে মাঝারি আকারের ইলিশের দাম মণপ্রতি ১২ থেকে ১৪ হাজার টাকা। তবে সবচেয়ে বড় আকারের ইলিশের পাইকারি দাম মণপ্রতি ১৭ হাজার টাকা।