চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে সাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ। কিন্তু দাম কমে যাওয়ায় জেলেরা হতাশা প্রকাশ করেছেন। এদিকে অনেক ইলিশ পচে যাওয়ায় জেলেরা সেগুলো ফেলে দিতে বাধ্য হচ্ছেন।
জেলেরা বলছেন, কিছুদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ায় স্থানীয়ভাবে চাহিদা কমে গেছে। এ ছাড়া লবণ ও বরফের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণের খরচ বেড়ে গেছে। এ কারণে অনেক ব্যবসায়ী মাছ সংরক্ষণ করছেন না। এসব কারণে মাছের দাম কমে গেছে। তাঁরা বলছেন, ১৯৯১ সালের পর এবারই বেশি ইলিশ ধরা পড়ছে।
সরেজমিনে কুমিরা ইউনিয়নের কুমিরাঘাট, বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল, সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটে সাগরপাড়ে গিয়ে দেখা যায়, যত্রতত্র পচা ইলিশ পড়ে আছে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
কুমিরাঘাট এলাকায় দেখা যায়, খালের পানিতে প্রচুর পচা ইলিশ ভাসছে। জেলেরা তরতাজা ইলিশ রেখে বাকি মাছ ফেলে দিচ্ছেন।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর ভরাকটালে একেকটি নৌকার জেলেরা ৪ থেকে ১৪ মণ পর্যন্ত ইলিশ পেয়েছেন। গত পাঁচ দিনে প্রতি মণ ছোট ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বড় (৭০০ গ্রামের বেশি) ইলিশ বিক্রি হয়েছে মণপ্রতি ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। জেলেরা বলেন, গত সপ্তাহে ছোট আকারের ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজার টাকায়। আরও বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে প্রতি মণ ১৮ হাজার থেকে ২২ হাজার টাকায়।
কুমিরার জেলে নিতাই দাশ প্রথম আলোকে বলেন, গত তিন দিন এত বেশি মাছ ধরা পড়েছে যে অনেকে জালের কিছু অংশ কেটে সাগরে ফেলে দিয়ে এসেছেন। অনেকে জাল থেকে মাছ খুলতে না পারায় জাল-মাছ একসঙ্গে কূলে নিয়ে আসেন। এর মধ্যে পচে যাওয়ায় অনেক মাছ ফেলে দিতে হয়। ইলিশের দাম কমে যাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
বাঁশবাড়িয়া এলাকার জেলে হীরালাল দাশ প্রথম আলোকে বলেন, নৌকা কূলে আসার পর বরফ দিতে না পারায় রোদের তাপে অনেক মাছ পচে যাচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছরের জন্য ইলিশের এটাই শেষ ভরাকটাল। এরপর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। তিনি জানান, গত মাসে সীতাকুণ্ডে ৬১০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে।
কুমিরা এলাকার পাইকার নুরুল আমীন সওদাগর বলেন, তাঁরা মাছ কিনে বরফ ও লবণ দিয়ে দেশের বিভিন্ন বাজারে পাঠান। মাছ সহজলভ্য হলেও বরফ ও লবণের দাম বেশি। এ ছাড়া শ্রমিকের সংকটও আছে। এ কারণে তাঁরা ইলিশ সংরক্ষণ করতে পারছেন না।
পাইকারেরা জানান, মৌসুমের শুরুতে এক বর্গফুট (একখণ্ড) বরফের দাম ছিল ১৮০ টাকা থেকে ২২০ টাকা। বর্তমানে ওই বরফের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। খোলা লবণের দাম ছিল কেজিপ্রতি ২২-২৩ টাকা। এখন তা ২৮ থেকে ৩২ টাকা। ফলে মাছ থাকলেও সংরক্ষণ খরচ বেশি পড়ে যাচ্ছে। বাজারে মাছের সরবরাহ বেশি হওয়ায় চাহিদাও কমে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, চার দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ইলিশ বিক্রি করতে যাচ্ছেন জেলেরা। কিন্তু অনেকে আগেই ইলিশ কিনে ফ্রিজ ভর্তি করে ফেলেছেন। এ কারণে স্থানীয়ভাবে ইলিশের চাহিদা কিছুটা কমে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বলেন, জেলেরা ইলিশ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা মেনে চলায় ও মৎস্য বিভাগের তৎপরতার কারণে এবার এত বেশি ইলিশ পাওয়া যাচ্ছে।