প্রচুর গরু, বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের আটটি অস্থায়ী ও দুটি স্থায়ী হাটে প্রচুর গরু উঠেছে। কোনো কোনো হাটে গরু রাখারও জায়গা নেই। কিন্তু গরু বিক্রি হচ্ছে খুব কম।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জে আটটি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। হাটগুলো হলো জিনজিরা বাজার, খাড়াকান্দি মাদ্রাসা মাঠ, রাজাবাড়ী মাঠ, রসুলপুর মাদ্রাসা মাঠ, আগানগর আমবাগিচা খেলার মাঠ, হাসনাবাদ বালুর মাঠ, ঘাটারচর বালুর মাঠ, নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরসংলগ্ন মাঠ। এ ছাড়া উপজেলার আটি বাজার ও হযরতপুর এলাকায় গবাদিপশুর দুটি স্থায়ী হাট আছে।

গতকাল মঙ্গলবার বিকেলে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা খেলার মাঠের হাটে প্রচুর পশু। হাটে জায়গা সংকুলান না হওয়ায় অনেক ব্যাপারী পশু নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। বুড়িগঙ্গা নদীর আগানগর ইস্পাহানী ঘাটে গরু-ছাগল নিয়ে অপেক্ষা করছেন অনেকে। এই হাট থেকে প্রায় এক কিলোমিটার দূরের জিনজিরা বাজার এলাকার হাটেও পশু রাখার জায়গা তেমন নেই। তাই জিনজিরা ডাকপাড়া ও জনি টাওয়ার এলাকায় বাঁশের খুঁটি দিয়ে গবাদিপশু রাখার ব্যবস্থা করা হয়েছে।

আগানগর আমবাগিচা খেলার মাঠে আসা টাঙ্গাইলের গরু ব্যাপারী আবদুল আলী (৫৫) বলেন, এই হাটে বিক্রির জন্য তিনি ৪৭টি গরু নিয়ে এসেছেন। হাটে জায়গা না থাকায় বেলা ১১টা থেকে ঘাটে ট্রলার নিয়ে অপেক্ষা করছেন। এই হাটে গরু রাখার জায়গা না পেলে অন্য হাটে চলে যাবেন।

আগানগর আমবাগিচা খেলার মাঠের অস্থায়ী হাটের পরিচালক জাকির আহমেদ বলেন, মাঠে জায়গা না হওয়ায় মাঠের আশপাশের এলাকায় পশু রাখার ব্যবস্থা করা হয়েছে।

জিনজিরা বাজার হাটের পরিচালক মোস্তাক হোসেন বলেন, কাঁচাবাজারের মালামাল মঙ্গলবার (গতকাল) রাতের মধ্যে সরিয়ে নিলে এখানে অনেক গবাদিপশু রাখা যাবে। জিনজিরা বাজার হাটে কথা হয় কাপড় ব্যবসায়ী সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, বিক্রেতা একটি ষাঁড়ের দাম চাচ্ছেন দেড় লাখ টাকা। ১ লাখ ১০ হাজার টাকা বলার পরও ছাড়ছেন না। গরুর ব্যাপারী লতিফ জমাদার বলেন, এই গরু তিনি দেড় লাখ ছাড়া বিক্রি করবেন না।