প্রচুর বই বিক্রি হচ্ছে বাড়ছে পাঠকের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের শিশু নিকেতন চত্বরে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লেখক সৈয়দ শামসুল হকের ‘জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে’ আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন আনোয়ারা সৈয়দ হক।
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
এর আগে শিশু নিকেতন চত্বরে অনুষ্ঠিত বইমেলা ঘুরে দেখেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এ সময় তিনি প্রথম আলো বন্ধুসভার স্টলে এসে বলেন, ঢাকার বাইরে ২১ উপলক্ষে বইমেলায় প্রচুর বই বিক্রি হচ্ছে। পাঠকের সংখ্যা বাড়ছে।
বইমেলায় আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, নদী গবেষক ও লেখক তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সিভিল সার্জন আমিনুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি পিপি আব্রাহাম লিংকন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক।
২১ ফেব্রুয়ারি থেকে ৫ দিনব্যাপী বইমেলা হচ্ছে শিশু নিকেতন চত্বরে। মেলায় স্টল রয়েছে ৪০টি। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত চলছে মেলা।