প্রচ্ছদের ঢেউ, মান নিয়ে অনেক কথা

বাংলাদেশের পাঠকপ্রিয় কয়েকটি বইয়ের প্রচ্ছদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালেন্ডারের উল্টো দিকের সাদা পাশ দিয়ে বইয়ের মলাট দেওয়ার চল ছিল কিছু দিন আগেও। বছরের শুরুতে নতুন বইয়ের গায়ে যেন জামা পরিয়ে দিত শিক্ষার্থীরা। গৃহিনীর আঁচলে মোছা হতো মহল্লার পাঠাগার থেকে আনা উপন্যাসের মলাট।

প্রজন্ম থেকে প্রজন্মের কাছে প্রাপ্তির স্মারক পুরোনো বই ও এর প্রচ্ছদ। প্রচ্ছদের কথা আসছে কেননা, এটি শুধু বইয়ের প্রতিনিধিত্ব করে না, শিল্পীর কাজ হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে যন্ত্রের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে এ শিল্পের ধরন–ধারণা। উঠে আসছে নানা রকম প্রচ্ছদ আর আত্মপ্রকাশ করছেন শিল্পীরা। কিন্তু এখনকার প্রচ্ছদগুলো কেমন হচ্ছে, তা নিয়ে আছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, একসময় শিল্পীর মায়াই উতরে দিত প্রযুক্তির সীমাবদ্ধতার সংকট। কারও মতে এখনকার কাজ যথেষ্ট মনোগ্রাহী।

‘বেদের মেয়ে আর কাশবনের কন্যা’র প্রচ্ছদ হয়েছিল ব্লকে অল্প রঙের ব্যবহারে
ছবি: প্রথম আলো

এক বর্ষীয়ান পাঠক বললেন, ‘আমাদের কৈশোরে দেখা প্রচ্ছদগুলো দেখলে মনে হতো, লেখকের সঙ্গে শিল্পী নিজেও বইয়ের অংশীদার।’ পাঠকের আলাপের সূত্রে কয়েকটি পুরোনো প্রচ্ছদ দেখে নেওয়া যায়। ১৯৫১ সালে প্রকাশিত পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘বেদের মেয়ে’ বইয়ের জন্য এক টানে আঁকা নারী মুখটি ছিল গাঢ় লাল রঙের। মাথার ঝাঁকার সবখানি স্পষ্ট নয়। ১৯৫৪ সালে প্রকাশিত শামসুদ্দিন আবুল কালামের ‘কাশবনের কন্যা’ বইয়ের মলাটে নারীর অবয়ব আর কাশফুল দুটিই ফুটিয়ে তুলতে জয়নুল আবেদিন ব্যবহার করেছিলেন মাত্র দুটি রং। ২০১৯ সালে বেদের মেয়ের সপ্তম সংস্করণে শুধু রংটা বেগুনি হয়েছে।

মাঝবয়সী পাঠকের মনে থাকবে ‘আদিম সমাজ’ বইয়ের অনুবাদ গ্রন্থে কাইয়ুম চৌধুরীর রেখাচিত্রের টানগুলো। ওই টানেই বাঙ্ময় আদিমকালের জীবন। ১৯৭৫ সালে প্রকাশিত এ গ্রন্থে এঁকেছিলেন দুজন নরনারীর তীর–ধনুক হাতে শিকারের আগের মুহূর্ত। কাইয়ুম চৌধুরী শুধু যে এঁকে দিতেন তা নয়। তিনি বইয়ের প্রথম কয়েকটি পৃষ্ঠা কেমন হবে, লেটারিংয়ের ধরন এসবের সঙ্গেও জড়াতেন নিজেকে। তিনি কাজ করেছেন সব মাধ্যমে। জয়নুল আবেদিন বা কাইয়ুম চৌধুরীর মতো কাঠের ব্লকে করা অনেক পুরোনো প্রচ্ছদই এখনো সমকালীন। যেমন সমকালীন শিল্পী আবদুর রোউফ সরকারের হাতে আঁকা সৈয়দ ওয়ালিউল্লাহ্‌র ‘লালসালু’, আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ি’ বা কাজী হাসান হাবিবের হাতে করা মাহমুদুল হকের বই ‘জীবন আমার বোন’–এর মলাটের শিল্পকর্মটিও।

কাইয়ুম চৌধুরীর আঁকা প্রচ্ছদে ‘আদিম সমাজ’ প্রকাশিত হয় ১৯৭৫ সালে, আর স্তব্ধতার কানে কানে প্রকাশিত হয় ১৯৭৭ সালে
ছবি: সংগৃহীত

ব্লকের দিন পেরিয়ে জিংক-লাইনোর পর অফসেটে ছাপার চল শুরু হয়েছে তিন দশকেরও বেশি সময় আগে। এখন ইলেকট্রিক কালিতে যে কোনো রং বসিয়ে দেওয়া যায় চট করে। ফন্ট ছোট বড় করে দেখা যায়। তবে পরিবর্তনের শুরুটা এত সরল ছিল না। সে সময়ের শিল্পীরাই ভালো জানেন, কতখানি গ্রহণ-বর্জনের ভেতর দিয়ে আসতে হয়েছে এ শিল্পকে। ব্লক থেকে অফসেটে উত্তরণ পর্বের একজন বিশেষ শিল্পী সমর মজুমদার। প্রথম প্রচ্ছদ করেন ১৯৮৩ সালে, মফস্বলের একটি সাহিত্য সাময়িকীর। তখন মফস্বল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকাগুলোর প্রচ্ছদও একই পদ্ধতিতে বানানো হতো।

অল্প সময়েই ‘জীবন আমার বোন’ বা নির্মলেন্দু গুণের কবিতার বইয়ের মতো অনেক গুরুত্বপূর্ণ বইয়ের প্রচ্ছদ করেছেন কাজী হাসান হাবিব
ছবি: সংগৃহীত

প্রথম আলোকে সমর মজুমদার বলছিলেন, ‘নব্বইয়ের দশকে প্রথম অফসেট প্রেস এলেও আমরা হাতে এঁকে ব্লক বানাতাম। তারপর সেসব ছাপা হতো লেটার প্রেসে। তখনো কম্পিউটারের প্রচলন বাংলাদেশে শুরু হয়নি। পরবর্তী সময়ে স্ক্যানার মেশিন আর ডিজিটাল ক্যামেরার ব্যবহার শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক রকম ধাপ ছিল আলাদা রং বের করে আনার। আমরা প্রচ্ছদের ভালো–খারাপ বিবেচনা করছি বটে, অথচ এর সঙ্গে সম্পৃক্তদের ছবি দেখার তৃষ্ণা তৈরি হয়নি। বাংলাদেশের ছবির প্রদর্শনীগুলোতে লেখক, প্রকাশককে কখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারাও তো বইটির প্রচ্ছদের সঙ্গে সম্পর্কযুক্ত।’

আশির দশকে মফস্বল থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকার প্রচ্ছদও হতো কাঠের ব্লকে
ছবি: সংগৃহীত

তুলনামূলকভাবে নতুন প্রকাশকেরা বলছেন, যথেষ্ট বৈচিত্র্যময় এখনকার কাজ। এবং পৃথিবীর কোনো দেশের বইতেই আর এখন বিষয়বস্তুর অনুপুঙ্খ প্রচ্ছদ হয় না। আর পূর্বসূরিদের মতে, প্রযুক্তি দিয়ে সব সময় অতিক্রম করা যায় না শিল্পমান। প্রচ্ছদের সঙ্গে প্রসঙ্গের সমন্বয় জরুরি।

‘অ্যাক্রিলিক অন ক্যানভাসে উংগা বুংগা আঁইকা বইয়ের প্রচ্ছদ আর কত দিন? দেখলেই বিরক্ত লাগে।’

প্রতিবার অমর একুশে গ্রন্থমেলা এলেই সামাজিক যোগাযোগমাধ্যম ভাসতে থাকে বইয়ের প্রচ্ছদে। ফেসবুকে একটি গ্রুপও আছে প্রচ্ছদ আর্কাইভ নামে। কোন কোন লেখক কয়েকটি প্রচ্ছদ তৈরি করিয়ে নির্বাচনের জন্য মতামতও চেয়ে থাকেন। তখন প্রশ্নটা সামনে আসে। প্রযুক্তির সাফল্য আসলে প্রচ্ছদ শিল্পকে কতটা এগিয়ে নিয়েছে? একজন লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘অ্যাক্রিলিক অন ক্যানভাসে উংগা বুংগা আঁইকা বইয়ের প্রচ্ছদ আর কতদিন? দেখলেই বিরক্ত লাগে।’ লেখক এনামুল রেজা কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে ব্যাখ্যা দিলেন, বিমূর্ত আঁকার নামে যে ছোপ ছোপ রং বসিয়ে রাখা হয়, তা থেকে কোনো অর্থই বের করা সম্ভব না। বিশেষ বইগুলো বাদ দিলে অধিকাংশ বই দেখতে একই রকম। এই অধিকাংশ মানে বছরে প্রায় সাত থেকে আট হাজার সৃজনশীল বই।

কাঠের ওপর খোদাই করে তৈরি করা হতো ব্লক
ছবি: প্রথম আলো

বিগত কয়েক বছর ধরে বড় সংখ্যক প্রচ্ছদ তৈরি হয় শিল্পী ধ্রুব এষের হাতে। সব্যসাচী হাজরা তৈরি করেন অনেক প্রচ্ছদ। দীর্ঘদিন ধরে প্রচ্ছদ করছেন শিল্পী মাসুক হেলাল, অশোক কর্মকার, ফরিদি নুমান, সব্যসাচী মিস্ত্রি, চারু পিন্টুসহ আরও অনেকে। তরুণদের মধ্যে জায়গা তৈরি করেছেন, শতাব্দী জাহিদ, মুস্তাফিজ কারিগর, নির্ঝর নৈঃশব্দ্য, রাজীব দত্তসহ উল্লেখযোগ্য অনেক প্রচ্ছদ শিল্পী। দুই প্রজন্মের চার শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেল, সময় স্বল্পতা আর কম পারিশ্রমিকের কথা।

বই মেলার তিন–চার মাস আগে থেকে শুরু হয় কাজ। শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য বলছিলেন, এ সময়ের মধ্যে অন্তত দেড় শ প্রচ্ছদ করেন তিনি। সিনিয়রদের কাজের চাপ আরও বেশি। ফলে যতখানি মনোযোগ প্রয়োজন তা দেওয়া কঠিন। গড়পড়তায় দুই থেকে আড়াই হাজার টাকা করে পাওয়া যায় প্রতি প্রচ্ছদের জন্য। তাই এ শিল্পকে পেশা হিসেবে ভাবা অসম্ভব।

একই ধরনের প্রচ্ছদ হয় যে অভিযোগ তার বিরোধিতা করে তরুণ শিল্পী রাজীব দত্ত প্রথম আলোকে বললেন, এখন বই বেশি প্রকাশ হয় বলে চোখে পড়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেসব সামনে আসে আরও বেশি।

দৃষ্টিনন্দন হওয়াটাই আসল। বিদেশি অধিকাংশ বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রচ্ছদের মিল থাকে না এখন। তাতে বইটির গ্রহণযোগ্যতা কমে না।

প্রচ্ছদের সঙ্গে ভেতরের বিষয়বস্তুর সম্পর্ক থাকতেই হবে, এমন মনে করেন না বাতিঘর প্রকাশনীর প্রধান দীপংকর দাস। তিনি বিদেশি বইয়ের উদাহরণ দিয়ে বলছিলেন, ‘দৃষ্টিনন্দন হওয়াটাই আসল। বিদেশি অধিকাংশ বইয়ের কনটেন্টের সঙ্গে প্রচ্ছদের মিল থাকে না এখন। তাতে বইটির গ্রহণযোগ্যতা কমে না। অনেক বইয়ের ভেতর যেমন মানহীন বই আছে তেমনি অসংখ্য প্রচ্ছদের ক্ষেত্রেও ভালো না হওয়ার মতো প্রচ্ছদ থাকতেই পারে।’

প্রযুক্তির সহযোগিতায় সুন্দর প্রচ্ছদ উঠে আসছে এ সময়েও
ছবি: সংগৃহীত

বিদেশি বইয়ের ক্ষেত্রে সম্পর্কহীনতার কথা মানলেন না শিল্পী অশোক কর্মকার। তাঁর মতে, বইয়ের বিষয়বস্তুর দৃশ্যায়ন হচ্ছে প্রচ্ছদ। আঁকা, লেখার পাশাপাশি মলাটের রং ও বইটির বিষয়বস্তুকে নির্ধারণ করতে পারে। বাংলা বইয়ের প্রচ্ছদে পরিবর্তনের কথা বলতে গেলে তিনটি নাম না ভেবেই বলা যায়। সত্যজিৎ রায়, পূর্ণেন্দু পত্রী আর কাইয়ুম চৌধুরী। তাঁরা টাইপোগ্রাফিকে বইয়ের বিষয়বস্তুর মৌলিক জায়গা থেকে ধরার চেষ্টা করেছেন। বিদেশি বইয়ের অধিকাংশ সম্পর্কহীন—এটা একদমই ঠিক নয়।

বিমূর্ত ছবির প্রচ্ছদ নিয়ে আছে পাঠকের অভিযোগ
ছবি: সংগৃহীত

এ কথার সমর্থন পাওয়া গেল শিল্পী মাসুক হেলালের বক্তব্যেও। তিনি বলছিলেন পোর্ট্রেট হাতে বা কম্পিউটারে যে কোনোভাবেই আঁকা যায়। কিন্তু দুটোর ব্রাশিং এক হবে না। নির্ভর করছে স্কেচ না জলরংয়ে আঁকা হবে তার ওপর। এ শিল্প কতখানি এগিয়েছে জানতে চাইলে তিনি পূর্বসূরি জয়নুল আবেদিন, কামরুল হাসান, হাশেম খানের কাজের স্মৃতিচারণা করে বললেন, ‘একসময় প্রেসে রংটা পর্যন্ত শিল্পীকে বানিয়ে দিতে হতো বসে থেকে। শিল্পী কাইয়ুম চৌধুরী নিজে বসে থেকে বারবার কয়েকটি মৌলিক রং মেলাচ্ছেন প্রচ্ছদের জন্য, এ আমার নিজের দেখা। যতক্ষণ পর্যন্ত পছন্দের রং না এলো তিনি চেষ্টা করলেন। আসলে প্রযুক্তি দিয়ে শিল্পমান অতিক্রম করা যায় না।’

শিল্পী হাশেম খান ও কামরুল হাসানের আঁকা দুটি প্রচ্ছদ
ছবি: প্রথম আলো

তবে প্রযুক্তি বই প্রকাশ ও বিপণনকে যে সহজ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রচ্ছদ সে প্রকাশনারই অংশ। বাংলাদেশে বই প্রকাশনা শিল্প কতখানি সফল সে প্রসঙ্গে কথা হচ্ছিল শিল্পী ওয়াকিলুর রহমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বললেন, ‘শুধু বই নয়, গানের সিডি বা যে কোনো পণ্যের মোড়কও একই রকম হয়ে যাচ্ছে। প্রযুক্তির সক্ষমতা সমন্বয়হীনতা কাটাতে পারছে না। আমাদের দেশে এখন ছাপার প্রযুক্তি ভালো, বাঁধাই ভালো, অনেক প্রচ্ছদ শিল্পী আছেন অথচ তিনটির সমন্বয় ঘটানো যাচ্ছে না। ব্যক্তিগত সৌন্দর্যবোধ এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রকাশক ও প্রচ্ছদ শিল্পী দুজনকেই বাজারব্যবস্থা মাথায় নিতে হবে। ব্যয় কম করেও কীভাবে আরও বেশি পাঠকের কাছে পৌঁছানো যায় তা বুঝতে হবে। না হলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব না।’

‘নন্দিত নরকে’ আর ‘শঙ্খনীল কারাগার’ বইয়ের প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী
ছবি: সংগৃহীত

সংকট যে আছে তা প্রযুক্তির এত উন্নতির পরও একটি ঘটনায় জানিয়েছিলেন লেখক হুমায়ূন আহমেদ। সে গল্প প্রথম আলোকে জানান অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তাঁর ভাষ্য মতে, হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত বই ‘শঙ্খনীল কারাগার’ আর ‘নন্দিত নরকে’র প্রথম প্রচ্ছদ হারিয়ে যাওয়ার পর প্রচ্ছদ করেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। এরপর অনেক প্রকাশক অনেক রকম মলাটে ছেপেছেন বই দুটো। লেখকের কোনোটিই মনে ধরেনি। ২০০৯ সালে অন্যপ্রকাশ থেকে প্রকাশের সময় হুমায়ূন আহমেদ শিল্পী কাইয়ুম চৌধুরীর সেই আঁকা দিয়েই প্রচ্ছদ করতে বলেছিলেন। মাজহারুল ইসলাম বলেন, স্মৃতি সংরক্ষণের এই আগ্রহ লেখকের ব্যক্তিগত সৌন্দর্যবোধের সঙ্গে জড়িয়ে থাকে। লেখক ও শিল্পীর এই বোঝাপড়াটা জরুরি।

প্রচ্ছদের সঙ্গে প্রকাশনার সম্পর্ক কতখানি গুরুত্বপূর্ণ সে আলোচনা শেষ হবে না। প্রযুক্তির ব্যবহারটা ঠিকঠাক করতেও চাই ‘মায়া’। যে মায়ায় বইয়ের প্রচ্ছদ নয়, এটি তাঁর শিল্পকর্ম সেই বিশ্বাস নিয়ে তুলি হাতে নিতেন জয়নুল আবেদিন, কাজী কাশেম, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, আবুল বার্‌ক্‌ আলভী, ,কাজী হাসান হাবীবের মতো গুণীজনেরা। এ শিল্পকে পেশাদারি হিসেবে বিবেচনা করলে খেয়াল রাখতে হবে, শিল্পীর সময়, উপযুক্ত সম্মানী আর প্রতিযোগিতার দিকে। শিল্পী যখন একটি প্রচ্ছদের জন্য মাত্র দুই হাজার টাকা পান, তখন স্বাভাবিকভাবেই তাঁর আর দায় থাকে না বইটি প্রকাশের প্রক্রিয়ায় জড়িত থাকার। প্রচ্ছদ নিয়েও যে প্রতিযোগিতা হতে পারে তার উদাহরণ সম্প্রতি কলকাতা লিটারারি ফেস্টিভ্যালের একটি অংশ। অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ( ২১ থেকে ২৩ জানুয়ারি) তালিকা করা হয়েছে ছয়টি বইয়ের প্রচ্ছদের। বইয়ের জন্য পুরস্কারের রেওয়াজ বহু পুরোনো, তবে প্রচ্ছদের জন্য পুরস্কারের চলটি এখন আর প্রচলিত নয় বাংলাদেশে।

অক্সফোর্ড বুকস্টোরের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রতিযোগিতায় নির্বাচিত প্রচ্ছদ
ছবি: সংগৃহীত

প্রচ্ছদ নিয়ে আলোচনার শেষে ৭৩ বছর আগের এক রাতের এক মায়ার গল্প শোনা যাক। পুরোনো ঢাকার এক কিশোরের ঝোঁক হয়েছিল সাহিত্য পত্রিকা প্রকাশের। ১৯৪৮ সালে তখন দেশভাগের যন্ত্রণা নিয়ে সদ্যই পশ্চিমবঙ্গ থেকে তাঁরা পুরো পরিবারটি এসেছে পুরান ঢাকার নারিন্দায়। সে কিশোর আর তার বড় ভাই মিলে বহু কষ্টে তখনকার সুধীজনদের কাছে বারবার হত্যে দিয়ে জোগাড় করলেন সাহিত্যপত্র প্রকাশের টাকা। এর মধ্যে ছিল ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌, উপমহাদেশের আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাধনা ঔষধালয়ের যোগেশচন্দ্র ঘোষের দেওয়া চাঁদার ১০টি টাকাও। ছয়টি টাকা দিতে হয়েছিল শিল্পী কামরুল হাসানকে প্রচ্ছদের জন্য। সে ছবি হাতে পেয়ে আহ্লাদে আটখানা হয়ে বাড়ি ফিরেছিলেন দুই ভাই।

কাঠের ছাঁচে উত্তপ্ত তরল সিসা আসলে ঘৃত পাত্রে অগ্নি হয়ে যায়। বিকট শব্দ করে পুড়িয়ে দেয় প্রকাশিতব্য ‘ঝংকার’ সাহিত্য পত্রিকার প্রচ্ছদের ব্লকগুলো।

তখন ঢাকায় প্রচ্ছদের জন্য কাঠের ব্লক তৈরির একটি মাত্র কারখানা ছিল। ইসলামপুরে বি.এস. ব্লক নামে সে কারখানার যিনি মালিক তিনিই কর্মচারী। দুই ভাই দেখলেন, আধিভৌতিক স্যাঁতসেঁতে ঘরের সে কারখানায় সিসার পাত তৈরি করে বাটালি, হাতুড়ির ঘায়ে ঠুকে ঠুকে রূপ দেওয়া হয় কাঠের ব্লকের। খরচটা আরেকটু বাঁচাতে নিজেরা পরামর্শ করে বাজার থেকে কিনে আনেন সিসা। কামিনী ভূষণ রোডের বাড়িতে ওই রাতে যত্নের সেই কাঠের ব্লকে অতি উৎসাহে সিসা গরম করে ঢেলে দেন দুই ভাই। এরপরের ঘটনা হচ্ছে, কাঠের ছাঁচে উত্তপ্ত তরল সিসা আসলে ঘৃত পাত্রে অগ্নি হয়ে যায়। বিকট শব্দ করে পুড়িয়ে দেয় প্রকাশিতব্য ‘ঝংকার’ সাহিত্য পত্রিকার প্রচ্ছদের ব্লকগুলো।

এ সময়ের তিন প্রচ্ছদ
ছবি: প্রথম আলো

এ দু ভাইয়ের একজন পরবর্তী সময়ে হন ‘ময়ূরের পা–খ্যাত’ (গল্প সংকলন) বিখ্যাত মাঈদ-উর-রহমান। আর সাহিত্যপত্রিকা প্রকাশের ঝোঁক তৈরি হওয়া সে কিশোর মীজানুর রহমান নিজেই হয়ে ওঠেন একটি প্রতিষ্ঠান। যার হাত থেকে বেরিয়ে আসে পাকিস্তানের প্রথম কিশোর পত্রিকা ‘ঝংকার’। নদী, গণিত, গাছ সংখ্যার মতো বিখ্যাত ত্রৈমাসিকগুলো পাঠক পান আরও পরে। কাঠের ব্লক পুড়ে যাওয়ার সে আশাহত হওয়ার গল্প মীজানুর রহমান লিখেছেন তাঁর ঢাকা পুরাণ গ্রন্থে। এ বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী রফিকুন নবী, মুখবন্ধ শিল্পী কাইয়ুম চৌধুরীর লেখা।

এই যে সমকালীন ও পরবর্তী প্রজন্মের যৌথতায় সৃজনশীলতাকে বহনের ধারাবাহিকতা, তা থেকে প্রচ্ছদশিল্প বিচ্ছিন্ন নয়। তবে যুক্ত করতে যা প্রয়োজন তা শুধু প্রযুক্তি দিয়েও সম্ভব নয়। মায়ার সঙ্গে প্রযুক্তির ব্যবহার, আগ্রহের সঙ্গে পেশাদারিত্বের সুযোগ প্রয়োজন শিল্পীর। সমন্বয়টা ঠিকঠাক হলে প্রতিটি প্রচ্ছদই হয়তো হবে অর্থবহ, বিশেষ কাজ। বইটিকে আরও একটু যত্নে রাখবেন বইয়ের মালিক ও তাঁর বাড়ির মানুষেরা।