প্রজনন মৌসুমে অবৈধভাবে চলছে কাঁকড়া শিকার
পটুয়াখালীর উপকূলীয় এলাকার নদীর মোহনায় এখন ব্যাপক হারে কাঁকড়া ধরছেন জেলেরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা বন্ধ হচ্ছে না। কাঁকড়া শিকার বন্ধে প্রচারণা না থাকা এবং জেলে ও শিকারিদের অসচেতনতার কারণে প্রজননের ভরা মৌসুমেও কাঁকড়া শিকার অব্যাহত রয়েছে।
এদিকে গত বছরও সরকার পাঁচ হাজার মেট্রিক টনেরও বেশি কাঁকড়া রপ্তানি করে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। তবে প্রজনন মৌসুমে যে হারে কাঁকড়া ধরা হচ্ছে, তাতে কাঁকড়ার বংশবিস্তার লোপ পেতে পারে এবং কাঁকড়া রপ্তানিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারতে কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। শুকনো মৌসুমে দেশের উপকূলীয় এলাকার সাগর এবং নদীর মোহনায় প্রচুর কাঁকড়া পাওয়া যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার ভরা মৌসুম। এ সময় কাঁকড়া আহরণ ও সংরক্ষণ নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। উপকূলীয় এলাকায় অনেকে এ মৌসুমে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। কাঁকড়া ধরা বেশ সহজ এবং তা তেমন ব্যয়বহুলও নয়। তা ছাড়া সরকারি নিষেধাজ্ঞা সম্পর্কে না জানায় জেলে ও শিকারিরা দেদার কাঁকড়া আহরণ করে চলছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাঁকড়াশিকারি সোবাহান মৃধা জানান, তাঁদের এলাকার পাঁচ শতাধিক লোক নিয়মিত বিনতি জাল, লেইত বড়শি, খুচইন জাল এবং শিক দিয়ে খুঁড়ে খুঁড়ে কাঁকড়া ধরেন। তিনি আরও জানান, এখন প্রচুর কাঁকড়া ধরা পড়ছে। কয়েকজন কাঁকড়াশিকারি জানান, এখন জাল ফেললেই কাঁকড়া ওঠে। এগুলো চড়া দামে বিক্রিও করা যায়। এ ছাড়া আড়তদারেরা কাঁকড়ার জন্য অগ্রিম টাকা দেওয়ায় শিকারিরা উৎসাহিত হচ্ছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাঁকড়া আড়তদার দিদারুল আহমেদ জানান, শিকারিদের কাছ থেকে সর্বোচ্চ ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে কাঁকড়া কিনে তা ঢাকায় বিক্রি করা হয়। প্রতিদিন এ অঞ্চল থেকে গড়ে এক হাজার কেজি কাঁকড়া ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ভালো মানের কাঁকড়া ৯০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রজনন মৌসুমে কাঁকড়া কেনাবেচার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আসলে এই সময়ে আড়তদারেরা কাঁকড়া কিনছেন না। কিছু শিকারি কাঁকড়া ধরে নিজেরাই স্থানীয় বাজারে বিক্রি করছেন। কারণ, অনেকেই জানেন না এই প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ২০১২-১৩ অর্থবছরে সরকার পাঁচ হাজার মেট্রিক টনেরও বেশি কাঁকড়া রপ্তানি করেছে; যার দাম ১০০ কোটি টাকা। তবে জাটকা সংরক্ষণের জন্য নীতিমালা থাকলেও কাঁকড়া সংরক্ষণের বিষয়ে তাঁদের কোনো নির্দেশনা নেই।
বন বিভাগ কার্যালয় থেকে জানা যায়, বাংলাদেশ কাঁকড়া রপ্তানি নীতিমালা মোতাবেক জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজননকাল। এ সময় কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রজননকালীন কেউ যাতে কাঁকড়া আহরণ বা সংগ্রহ করতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে বলা হয়েছে।
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো বলেন, উপকূলের সংরক্ষিত বন এলাকায় প্রজনন মৌসুম দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ রয়েছে। এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে। তবে বনের বাইরে গোপনে কাঁকড়া শিকার করা হলে তাঁদের কিছুই করার থাকে না।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুলতান মাহমুদ বলেন, প্রজনন মৌসুমে কাঁকড়া নষ্ট করা হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং এর বংশবিস্তার লোপ পাবে।