প্রজনন মৌসুমেও অবাধে কাঁকড়া শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনের নদ-নদী থেকে অবাধে কাঁকড়া ধরা হচ্ছে। অথচ জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুমে সব ধরনের কাঁকড়া ধরা ও সংগ্রহ নিষিদ্ধ।
এদিকে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন বাজারে প্রতিদিন কয়েক শ মণ কাঁকড়া বেচাকেনা হচ্ছে। প্রকাশ্যে বেচাকেনা হলেও বন বিভাগের এ ব্যাপারে কোনো ধরনের নজরদারি নেই।
সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর কলবাড়ী, বুড়িগোয়ালিনী, নওয়াবেঁকি, মীরগাং ও ভেটখালী এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার বাজারগুলোতে প্রতিদিন কয়েক শ মণ কাঁকড়া বেচাকেনা হচ্ছে। সুন্দরবন ও সুন্দরবনসংলগ্ন নদ-নদী থেকে জেলেরা এসব কাঁকড়া শিকার করে আনছেন। প্রজনন মৌসুম হওয়া সত্ত্বেও আইন না মেনে জেলেরা সুন্দরবন থেকে কাঁকড়া শিকার করছেন।
শ্যামনগর উপজেলার নজরুল ইসলাম শেখ, সাকাত গাজী, সিরাজুল ইসলামসহ আট-নয়জন জেলে জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই দুই মাস কাঁকড়া শিকার নিষিদ্ধ। তাই তাঁরাসহ অধিকাংশ জেলে মাছ ধরার পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে ঢোকেন। অনেকে আবার অবৈধভাবে ঢোকেন। কিন্তু প্রায় সবাই কাঁকড়া ধরেন।
ওই ব্যক্তিদের দাবি, অসংখ্য জেলে অনুমতি না নিয়ে বন বিভাগের সঙ্গে সমঝোতা করে বনে প্রবেশ করে কাঁকড়া ধরেন। নাম প্রকাশ না করার শর্তে বিনা অনুমতিতে সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়া দুজন জেলে বলেন, ‘আমরা চুক্তিতে বনে যাই, তাই আমাগো পাস লাগে না।’
নাম প্রকাশ না করার শর্তে কলবাড়ী, হরিনগর ও ভেটখালী বাজারের ১২-১৪ জন ব্যবসায়ী জানান, জেলেরা বনে গিয়ে কাঁকড়া ধরে বনে বসেই তা বিক্রি করে দিচ্ছেন দ্বিতীয় কোনো পক্ষের কাছে। আর দ্বিতীয় পক্ষের কাছ থেকে তাঁরা বাজারে বসে কাঁকড়া কিনে ঢাকায় রপ্তানিকারকদের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন।
ভেটখালী বাজারের কাঁকড়া ব্যবসায়ী দুলাল মণ্ডল ও চিত্তরঞ্জন পাল জানান, সুন্দরবন বিশাল জায়গা। প্রতিদিন চার-পাঁচ শ মণ কাঁকড়া ধরার পরও কাঁকড়ার বংশ বিস্তারে কোনো সমস্যা হয় না। বর্তমানে প্রজনন মৌসুম চলছে বলে সুন্দরবনের নদ-নদী থেকে কাঁকড়া ধরা নিয়ে কিছুটা কড়াকড়ি রয়েছে দাবি করে তাঁরা বলেন, সুন্দরবনের বাইরে কাঁকড়া নার্সিং পয়েন্টেও (ঘের) প্রচুর কাঁকড়া উৎপাদিত হয়ে থাকে। এ জন্য সুন্দরবনের জোগান না থাকলেও তাঁদের ব্যবসায় অসুবিধা হয় না।
ব্যবসায়ী আবদুল জব্বার ও আশরাফ মোড়ল জানান, কলবাড়ী, ভেটখালী, বুড়িগোয়ালিনীসহ সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলায় কাঁকড়া বেচাকেনার শতাধিক ডিপো রয়েছে। সারা দিন তাঁরা সুন্দরবনের নদী থেকে যেসব কাঁকড়া সংগ্রহ করছেন, তা ভোরে কিংবা পরের দিন সকালে আড়তগুলোতে পৌঁছাচ্ছেন। সন্ধ্যার পর এসব এলাকা থেকে ট্রাকভর্তি করে কাঁকড়া ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। তবে তাঁদের দাবি, বর্তমানে তাঁরা যেসব কাঁকড়া বাইরে পাঠাচ্ছেন, তার অধিকাংশ নার্সিং পয়েন্টের।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে বলেন, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাত থেকে রক্ষা পেতেই তাঁরা সুন্দরবন থেকে আনা কাঁকড়া নার্সিং পয়েন্টের বলে চালাচ্ছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকছুদুল আলম মাছ ধরার অনুমতি নিয়ে জেলেরা অনেক সময় কাঁকড়া ধরছেন স্বীকার করে বলেন, তাঁদের নজরে এলে জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। গত দেড় মাসে অত্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করে তাঁদের নামে মামলা দেওয়া হয়েছে। এ সময় দুই হাজার কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরা এলাকায় কাঁকড়া বেচাকেনার কতটি ডিপো রয়েছে, তার হিসাব তাঁর কাছে নেই। বন বিভাগের একার পক্ষে সব বন্ধ করাও সম্ভব নয়। তবে বিনা অনুমতিতে যাঁরা সুন্দরবনে যান, তাঁরা চুরি করে যান। তাঁদের সঙ্গে সমঝোতা করে যাওয়ার প্রশ্নই আসে না।