প্রজনন স্বাস্থ্য ও পরিবার গঠনের কথা শুধু কাগজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবন্ধী নারীর বিয়ে, পরিবার গঠন ও মাসিককালীন পরিচর্যার মতো শব্দগুলো একেবারেই অপরিচিত। অপরিচিত এ শব্দগুলো বিভিন্ন আইন ও নীতিমালায় থাকলেও তার বাস্তবায়ন নেই।
গতকাল বৃহস্পতিবার ‘প্রতিবন্ধী নারীর মাসিককালীন পরিচর্যা এবং প্রজনন স্বাস্থ্য, ব্যবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা এ কথা বলেন।
কাল ২৮ মে মাসিক পরিচর্যা দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এ সভার আয়োজন করে।
সভার প্রধান অতিথি সাংসদ শিরীন আখতার প্রতিবন্ধী নারীদের অচলায়তন ভেঙে বেরিয়ে আসার আহ্বান জানান। এ বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রতিবন্ধী নারীদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টি যাতে স্কুলগুলো গুরুত্ব দেয়, সেই আহ্বানও জানান।
সভার বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, প্রতিবন্ধী নারীদের মাসিককালীন পরিচর্যা এবং প্রজনন স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা আয়োজনের মধ্য দিয়ে সমাজের অন্তর্দৃষ্টি খুলল কিছুটা।
এই সভা আয়োজনে সহায়তা করে প্র্যাকটিক্যাল একশেন, কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি), সাজেদা ফাউন্ডেশন, ওয়াটারএইড এবং ওয়াশ অ্যালায়েন্স।
বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারের নারী উন্নয়ন নীতিমালায় প্রতিবন্ধী নারীদের একীভূত হওয়ার বিষয়ে খানিকটা উল্লেখ থাকলেও, কোথাও নেই তাঁদের পরিবার গঠনের অধিকারের কথা। জাতীয় বাজেটে তাঁরা বঞ্চিত। বিজ্ঞপ্তি|