প্রজনন স্বাস্থ্য ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা রোধে বাল্যবিবাহ বন্ধ, পরিবারের পক্ষ থেকে নারী সদস্যকে সব ধরনের সাহায্য এবং সর্বোপরি সরকারি-বেসরকারি পর্যায়ে নারীকে আইনি ও অর্থনৈতিক সাহায্য করতে হবে। এ জন্য প্রয়োজন নারী অধিকার সম্পর্কে যথোপযুক্ত প্রচারণা, পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই উদ্দেশ্য সামনে রেখে ২৭ মে সোমবার প্রথম আলোর কার্যালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউনিএফপিএ) ও প্রথম আলো দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই করেছে।

ইউনিএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্থার এরকেন ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় যৌথ উদ্যোগে আগামী আট মাস প্রথম আলোয় ‘আমাদের কথা শোনো’ শীর্ষক মাসিক নারীবিষয়ক পাতা প্রকাশ করা হবে। নারীর অধিকার, নারীদের সাহায্য পাওয়ার উপায়সহ বিভিন্ন ধরনের নিবন্ধ প্রকাশিত হবে এই পাতায়। চুক্তি অনুযায়ী গতকাল প্রথম মাসের পাতা ছাপা হয়েছে। আর্থার এরকেন বলেন, ‘প্রজননস্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা, নারীর প্রতি সহিংসতা ও মাতৃমৃত্যু রোধে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষে এ চুক্তি হয়েছে। ১০ থেকে ৩০ বছর বয়সী নারী পুরুষকে সচেতন করাই এ চুক্তির উদ্দেশ্য। এ কাজে সহায়তা করার জন্য প্রথম আলোকে আমাদের পাশে পেয়ে আমরা আনন্দিত।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো সব সময় নারীদের অধিকার রক্ষায় সচেষ্ট। এখন ইউএনএফপিএর সঙ্গে এই চুক্তি বাংলাদেশে নারীদের প্রেক্ষাপট পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আশা করি।’ আব্দুল কাইয়ুম বলেন, যেকোনো ভালো কাজে সহযোগিতা দিতে প্রথম আলো সব সময় প্রস্তুত। এ সময় ইউনিএফপিএর চিফ অব অপারেশনস আফসানা তাহের ও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা আক্তার, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন ও জ্যেষ্ঠ সহসম্পাদক রোকেয়া রহমান উপস্থিত ছিলেন।