প্রজনন স্বাস্থ্য নিয়ে লোকলজ্জা নয়
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেছেন, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যে লোকলজ্জা আছে, তা ভাঙতে গণমাধ্যমকে সহায়তা করতে হবে। তাঁর মতে, প্রজনন স্বাস্থ্য যে সামগ্রিক সুস্বাস্থ্যের অংশ, সে বিষয়ে গণমাধ্যমে সচেতনতামূলক প্রতিবেদন ও ফিচার বেশি বেশি প্রকাশ হওয়া উচিত।
‘কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চ্যালেঞ্জ’ বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় রাশেদা কে চৌধূরী এ কথা বলেন। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরে ডি নেটের সম্মেলনকক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ওই সভায় জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাংবাদিক এবং কমিউনিটি রেডিওর প্রতিনিধিরা অংশ নেন।
রাশেদা কে চৌধূরী বলেন, বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রচলিত কিছু শব্দের পরিবর্তন হওয়া উচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্বপ্নদোষ, যা স্বপ্নপাত বলা যায় বলে সভায় কয়েকজন বক্তা মত দেন। এ ছাড়া মাসিকের পরিবর্তে শরীর খারাপ বলাটাও উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। প্রজনন স্বাস্থ্য শব্দটিও রিপ্রোডাক্টিভ হেলথের জুতসই বাংলা নয় বলেও মনে করেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের ওই উপদেষ্টা বলেন, এসব শব্দের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলা একাডেমিকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে।
সভায় স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, পরিবার, শিক্ষক ও পাঠ্যবই থেকে সঠিক জ্ঞান না পাওয়ায় কিশোর-কিশোরীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ধারণা পাচ্ছে। গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বিভিন্ন বিজ্ঞাপনের সমালোচনা করে তিনি বলেন, শরীরের গঠন ও রং নিয়ে বিজ্ঞাপনে নারী ও পুরুষকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা অনেকের মধ্যে হীনম্মন্যতা সৃষ্টি করে।
গণসাক্ষরতা অভিযানের পরিচালক তাসনীম আতহার বলেন, দেশে ১০ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যা ২৫ শতাংশ, যা প্রায় চার কোটি। প্রজনন ও যৌনস্বাস্থ্য অধিকার বিষয়ে অক্সফামের সহায়তায় এসআরএইচআর প্রকল্পের মাধ্যমে এই বয়সী তিন লাখ কিশোর-কিশোরীর কাছে পৌঁছা সম্ভব হয়েছে। গণমাধ্যম এই কাজ আরও এগিয়ে নিতে পারে বলে মত দেন তিনি।
মতবিনিময় সভায় প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শরীফুজ্জামান ও গণসাক্ষরতা অভিযানের কর্মসূচি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। যাত্রাদল দেশ অপেরার প্রধান মিলন কান্তি দে, বেসরকারি সংস্থা হাছাব-এর জুই শামসসহ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় বলা হয়, প্রজনন স্বাস্থ্য নিয়ে মাঠ পর্যায়ে মা-বাবা ও শিক্ষকদের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন এসেছে, এ পরিবর্তন ত্বরান্বিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।