প্রজনন স্বাস্থ্য পড়াতে গিয়ে শ্রেণিকক্ষে যত বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণির একজন শিক্ষার্থী বলে, ‘যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তাম, তখন একদিন শিক্ষকের কাছে ঋতুস্রাব ও স্বপ্নদোষ কাকে বলে জানতে চাই। শিক্ষক থতমত খেয়ে যান। ক্লাসের অন্যরা হাসাহাসি করতে থাকে। আমার কী দোষ? বইতে যা লেখা ছিল বুঝতে পারি নাই, তাই জানতে চাইছিলাম।’
আরেক শিক্ষার্থী বলে, ‘যখন পিরিয়ড হয়, মায়ের কাছে জানতে চাই। মা বলে, এইটা গোপন কথা। বাইরের কেউ যেন না জানে। তখনই থমকে গেলাম।’
মাদ্রাসার একজন ছেলে শিক্ষার্থী বলে, ‘স্বপ্নদোষ হলে শিক্ষক তো দূরের কথা, বন্ধুদের কাছেও কিছু বলতে পারি নাই।’ এই শিক্ষার্থী আরও বলে, শিক্ষকেরা এইসব বিষয় বাড়ি থেকে পড়ে আসতে বলে শিক্ষার্থীদের।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংগঠন নারীপক্ষ আয়োজিত ‘কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও অধিকার: প্রেক্ষিত জাতীয় শিক্ষা পাঠ্যক্রম’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এভাবেই তাদের অভিজ্ঞতা বলছিল।
বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকেরাও বললেন তাঁদের অভিজ্ঞতার কথা। একজন বললেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বললে অনেক সময় অন্য শিক্ষকেরা হাসাহাসি করেন। সভায় কোনো কোনো শিক্ষক যৌন স্বাস্থ্য নিয়ে শিশুদের সঙ্গে খোলামেলা কথা বলার ব্যাপারে তাঁদের সতর্ক অবস্থান তুলে ধরেন। অনেকের সুপারিশ, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের আলাদা ক্লাসে যাতে এসব পড়ানো হয়। তা ছাড়া অভিভাবকদের সচেতন করার বিষয়টিও গুরুত্ব পায়।
নারীর প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রতিষ্ঠায় নতুন ক্ষেত্র নির্মাণ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মালয়েশিয়ার নারী সংগঠন এশিয়ান প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের সহায়তায় পরিচালিত এক গবেষণার ফলাফল উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য কামরুন নাহার। এতে ঢাকা মহানগরীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের (বাংলা ও মাদ্রাসা শিক্ষা) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ১২০ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২৫ জন বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ ও অভিভাবকের মতামত নেওয়া হয়।
২০১৩ সালে পাঠ্যসূচি থেকে যৌন ও প্রজনন স্বাস্থ্যের অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বাদশ শ্রেণিতেও কিছু কিছু বিষয় আছে। শিক্ষাক্রম একটি চলমান প্রক্রিয়া, জনগণের চাহিদার ভিত্তিতে তা পরিমার্জন করা হবে। তবে প্রজনন স্বাস্থ্য বিষয়ের ক্লাসগুলো আলাদা নেওয়ার বিপক্ষে মত দিয়ে তিনি বলেন, এতে করে ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবে না।
এনসিটিবির সদস্য রতন সিদ্দিকী বলেন, এনসিটিবির বর্তমান নীতি হচ্ছে, পাঠ্যপুস্তকে যা দেওয়া হয়েছে তা থাকুক। পাঠ্যপুস্তক দিয়ে শুধু শিক্ষকদের পড়াতে বললেই হবে না, সমাজকেও তা গ্রহণ করতে হবে। বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন নারীপক্ষের সদস্য ইউ এম হাবিবুন নেসা।