প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার কক্সবাজার সৈকত থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাইসাইকেল রোডমার্চ ‘কক্সবাজার টু ইরান’। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এ কর্মসূচির আয়োজন করছে।
গতকাল সোমবার সন্ধ্যায় সৈকত তীরের সি-প্যালেস হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফপিএবির মহাসচিব নাসির আহমেদ এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। আজ সকাল নয়টায় সমুদ্রসৈকত থেকে ৩৫০ জন তরুণ সাইকেল নিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাল্যবিবাহ এবং শিশু মাতৃত্ব বন্ধে প্রচারণা চলাবেন। ‘কোনো শিশুকে মা হিসেবে দেখতে চাই না’ এবং ‘একটা শিশুকে আরেকটা শিশুর মা হিসেবে দেখা লজ্জার ব্যাপার’—এ দুটি বিষয়ে স্থানীয় লোকজনকে তাঁরা সচেতন করবেন।
আয়োজকেরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিয়াজ মোর্শেদের নেতৃত্বে পাঁচজনের একটি দল আজ বেলা ১১টায় কক্সবাজার থেকে সাইকেল চালিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। অন্য চারজন হলেন সানজিত আনোয়ার, নাজমুল আলম, জাহেদুল হক ও মাহমুদ হাসান। তাঁরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু, ঈদগাঁও, চকরিয়া, সাতকানিয়া, আমিরাবাদ, লোহাগড়া, পটিয়ায় একাধিক পথসভা করবেন।
নাসির আহমেদ বলেন, পাঁচজনের দলটি বাংলাবান্দা সীমান্ত দিয়ে ভারত যাবে। সেখান থেকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান ও ইরানে বাইসাইকেল প্রচারণা অভিযান চলবে। সংবাদ সম্মেলনে নাট্য পরিচালক মাসুম রেজা, অভিনেত্রী নাজনিন চুমকিসহ এফপিএবির নির্বাহী পরিচালক এ এফ এম মতিউর রহমান, ফিরোজ আলম আজাদ, মাহবুবুল করিম, মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।