প্রজনন স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বাড়ালে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শুক্রবার সুইডেনের পার্লামেন্ট ভবনে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
‘উন্নয়ন পরিকল্পনায় প্রজনন স্বাস্থ্যকে অন্তর্ভুক্তির মাধ্যমে সমৃদ্ধি’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের স্পিকার ছিলেন প্রধান বক্তা। এতে তিনি বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনায় প্রজনন স্বাস্থ্যসেবা খাতকে অন্তর্ভুক্ত করলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। নারীদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ালে তারা আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। এটি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
শিরীন শারমিন আরও বলেন, বাংলাদেশ ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ জনে (১ দশমিক ৪৩) কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১৯৪ জনে (১ দশমিক ৯৪) কমিয়ে আনা সম্ভব হয়েছে। বিগত নয় বছরে মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে।
শিরীন শারমিন চৌধুরী ‘ষষ্ঠ ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কনফারেন্স অন দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন-২০১৪’-এ অংশ নিতে বর্তমানে সুইডেনের স্টকহোমে রয়েছেন। সুইডেন পার্লামেন্ট, ইউএনএফপিএ (জাতিসংঘ জনসংখ্যা তহবিল) এবং ইউরোপিয়ান পার্লামেন্টারি ফোরাম (ইপিএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।