সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে লোনাপানির বিলুপ্তপ্রায় সাতটি কুমির ছানার মুখে ঘা দেখা দিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে নিঃসৃত তেল নদীতে ভেসে আসার পর সেই তেলমিশ্রিত পানি খেয়েই এই ছানাগুলো অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশুর নদের পাশে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন্য প্রাণী প্রজননকেন্দ্রের দুটি চৌবাচ্চায় রাখা চার মাস বয়সী এই কুমিরছানাগুলোর মুখে ঘা ধরা পড়ে গত বৃহস্পতিবার বিকেলে। রোগাক্রান্ত হওয়ার বিষয়টি প্রথম দেখতে পান কেন্দ্রের কর্মকর্তা আবদুর রব।
নদীর পানিতে তেল ভাসতে থাকায় দুই দিন ধরে ওই চৌবাচ্চাগুলোর পানি পরিবর্তন করা বন্ধ রাখা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘প্রতিদিনই পানি পরিবর্তনের নিয়ম থাকলেও আমরা তা পারছি না। পানি পরিবর্তন করতে না পারার ফলে কুমিরছানাগুলোকে মলমূত্রের মধ্যে বসবাস করতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে লোনাপানির কুমিরছানাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে।’
কেন্দ্রের ফরেস্ট রেঞ্জার ও কুমির বিশেষজ্ঞ আবদুর রব বলেন, মঙ্গলবার দুপুরে পশুর নদে জোয়ারের পানি এলে চৌবাচ্চাগুলোর পানি পরিবর্তন করা হয়। জোয়ারের পানিতে তখন তেল ভাসছিল। ওই পানিই চৌবাচ্চায় তোলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেখতে পান, গত আগস্টে পিলপিল ও জুলিয়েট দম্পতির নতুন জন্ম দেওয়া লোনাপানির সাতটি ছানার মুখে ঘা। এগুলোর চিকিৎসা দেওয়া হচ্ছে।
আবদুর রব জানান, সুন্দরবনের শ্যালা ও পশুর নদের ৩১ কিলোমিটার এলাকা ডলফিনের অভয়ারণ্য। এর মধ্যে ট্যাংকারডুবির স্থান ও পশুর নদের কোলঘেঁষে থাকা বন্য প্রাণী প্রজননকেন্দ্রের স্থান দুটি ডলফিনের অবাধ বিচরণক্ষেত্র। বিরামহীনভাবে এখানে ডলফিন ওঠানামা করে থাকে। এসব স্থানে ডলফিন দেখতে পর্যটকেরা ভিড় করেন। কিন্তু বুধ ও বৃহস্পতিবার একটি ডলফিনকেও ওঠানামা করতে দেখা যায়নি। এসব প্রাণী বাঁচবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
সুন্দরবন পূর্বাঞ্চলীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী বলেন, দেশে বিলুপ্তপ্রায় লোনাপানির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনে একটি প্রকল্পের আওতায় ২০০২ সালে করমজল পর্যটনকেন্দ্রে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারি এই কুমির প্রজননকেন্দ্র।