রাজশাহীতে ডেইলি স্টার ও ইউএনএফপিএ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা প্রজননস্বাস্থ্য অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। শুধু কিশোরী নয়, কিশোরদেরও বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার জন্য তাঁরা পরামর্শ দিয়েছেন।
গতকাল শনিবার নগরের স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের জনসংখ্যা-বিষয়ক সংস্থা ইউএনএফপিএর সহায়তায় আয়োজিত ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আতাউল গনি, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ প্রমুখ।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএর প্রোগ্রাম অফিসার মুনির হাসান। কিশোর স্বাস্থ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, শহরের চেয়ে গ্রামের প্রান্তিক কিশোর ও কিশোরীদের বয়ঃসন্ধিকালে সচেতনতা তৈরিতে বিদ্যালয় থেকেই কাজ শুরু করা উচিত।
এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য প্রজনন ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পিতা-মাতার সম্পর্ক তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হতে হবে। তাদের উদ্ভূত সমস্যা সম্পর্কে ভালোভাবে বোঝাতে এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসনের মধ্যে বিকশিত করার যথাযথ সুযোগ করে দিতে হবে।