প্রজননস্বাস্থ্য খাতের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বয় বাড়াতে হবে
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজের গতি বাড়াতে হবে। বাড়াতে হবে সরকার ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়।
গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘কায়রো সম্মেলনের ২০ বছর ও বাংলাদেশের প্রজননস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ মন্তব্য করেন।
১৯৯৪ সালে মিসরের কায়রোতে জাতিসংঘের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলন আয়োজিত হয়। ১৭৯টি দেশ ওই সম্মেলনে পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজননস্বাস্থ্যসেবায় সবার অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। বলা হয়ে থাকে, ২০০০ সালে জাতিসংঘ যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তার ভিত্তি ছিল কায়রোর সম্মেলনটি। অংশগ্রহণকারী দেশগুলো প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে, তার মূল্যায়ন হবে এ বছরের সেপ্টেম্বরে। মূলত এই প্রেক্ষাপটেই গতকাল বৈঠকটির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেছে রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, ২০১৫ সালের মধ্যে প্রতি লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ১৪৩-এ নামিয়ে আনতে হবে। লক্ষ্যমাত্রা পূরণে মাতৃমৃত্যুর হার আরও দ্রুতগতিতে কমানো প্রয়োজন।
সচিব বলেন, তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় থাকা চার হাজার পরিবারকল্যাণকেন্দ্রকে দুই মাসের মধ্যে ২৪ ঘণ্টা প্রসূতিসেবা দেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যসচিব সব গর্ভবতী মা যেন স্বাস্থ্যসেবাকেন্দ্রে সন্তান জন্ম দেন, সে বিষয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, তাঁদের জন্য টাকা কোনো সমস্যা নয়, কিন্তু উদ্যোগের অভাব রয়েছে।
তবে সচিবের এ কথার সঙ্গে দ্বিমত করেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক ধীরাজ কুমার নাথ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাজেট কম। প্রজননস্বাস্থ্য খাতে যে ব্যয় হয়, তা আরও কম। অর্থ ব্যয়ে সরকারকে আরও স্বচ্ছ হওয়ারও পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রজননস্বাস্থ্যসেবা খাতে কাজ হয়েছে। কিন্তু কতটুকু অর্জিত হয়েছে, সে-সম্পর্কিত তথ্য অনেকেরই জানা ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এখন প্রত্যেক গর্ভবতী মা ও শিশুর তথ্য সংগ্রহ করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে কম্পিউটার ট্যাব দেওয়া হচ্ছে। একজন নারী গর্ভধারণ করা মাত্রই তাঁর তথ্য ট্যাবে লিপিবদ্ধ করা হচ্ছে। এ কাজে কমিউনিটি ক্লিনিকের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতিটি ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটি ক্লিনিককে সহায়তাকারী দল।
বৈঠক চলার সময়ই মহাপরিচালকের কাছে বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা অভাব-অভিযোগ জানিয়ে খুদে বার্তা দিচ্ছিল। তিনিও তাৎক্ষণিকভাবে প্রতিকারের নির্দেশনা দিচ্ছিলেন। আবুল কালাম আজাদ জানান, হাসপাতালের দেয়ালে মুঠোফোন নাম্বার দেওয়া আছে। সেবাপ্রার্থীরা সরকারের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারছে।
আরএইচস্টেপের সভাপতি কোহিনূর বেগম বলেন, বাংলাদেশে ৫০ শতাংশ নারী ২০ বছর বয়স হওয়ার আগেই মা হয়ে যায়। অপুষ্ট শরীরে এরা অপুষ্ট শিশুর জন্ম দেয়। জরায়ু ফেটে যাওয়া, ফিস্টুলা, ইনফেকশনসহ বিভিন্ন জটিলতায় ভোগে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্যবিশেষজ্ঞ বুশরা বিনতে আলম বলেন, পর্যাপ্ত প্রজননসেবা পাওয়া নারীর অধিকার। নারী হাসপাতালে সন্তান প্রসব করবেন, নাকি বাড়িতে; সে সিদ্ধান্তও নারীই নেবেন। সরকারের দায়িত্ব হলো, নারী যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তার কাছে সহায়তা পৌঁছে দেওয়া। শহরাঞ্চলে সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
নারীনেত্রী ও সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম প্রশ্ন তোলেন, প্রজননস্বাস্থ্য ইস্যুতে শুধু কি নারীদের ‘টার্গেট’ করা হচ্ছে কি না? তাঁর মতে, নারীকে এগিয়ে এসে নিজের চাহিদার কথা বলতে হবে। মুঠোফোনে প্রজননস্বাস্থ্যসেবা পরামর্শ যেন সহজেই সবাই পেতে পারেন, সে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
বৈঠকে আলোচকদের একটি বড় অংশ প্রজননস্বাস্থ্যব্যবস্থায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি যৌনতা ও প্রজনন বিষয়ে কিশোর-কিশোরীদের আরও বেশি তথ্য দেওয়ার কথা বলা হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেছেন, বাল্যবিবাহ সমস্যাটা যেহেতু কিশোর-কিশোরীদের, তাই এ সমস্যা রোধে তাদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে।
ডিএফআইডির স্বাস্থ্য উপদেষ্টা শেহলীনা আহমেদ কিশোর-কিশোরীদের নিয়ে আরও বড় পরিসরে জোরালোভাবে কাজ শুরুর তাগিদ দেন।
প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ জুলিয়া আহমেদ বলেন, বাংলাদেশে পাঠ্যবইয়ে যৌন শিক্ষা ও প্রজননস্বাস্থ্য বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু শিক্ষকেরা শ্রেণিকক্ষে বিষয়টি বেশির ভাগ সময় এড়িয়ে যান।
‘যৌনতার মধ্য দিয়ে মানুষের জন্ম’—এ কথা মেনে নিয়ে কিশোর-কিশোরীদের আরও তথ্য দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন নেদারল্যান্ডস দূতাবাসের উপদেষ্টা মাশফিকা জামান। তিনি বলেন, নরওয়ে-সুইডেনে ব্যাপক তথ্য প্রচার করে সুফল পাওয়া গেছে। এতে যে কিশোর-কিশোরীরা বিপথগামী হয়নি, তা পরীক্ষিত।
এ ছাড়া বৈঠকে অনিরাপদ গর্ভপাত নিয়ে কথা বলেন আরএইচস্টেপের নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা। তিনি সেবাকেন্দ্র বাড়ানোর কথা বলেন। অনিরাপদ হাতে গর্ভপাত বন্ধে জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক এবরশন, বাংলাদেশের (বাপসা) পরিচালক আলতাফ হোসেন জানান, ১৯৭৪ সাল থেকে মাসিক নিয়মিতকরণ (এমআর) সেবা চালু হয়। এখনো ৩০ শতাংশ নারী এ সম্পর্কে জানেন না।
সুইডিশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে পরিকল্পনা হচ্ছে, সেখানে প্রজননস্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেন।
নারীপক্ষের প্রজননস্বাস্থ্য প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন বলেন, ছয় হাজারের ওপর চিকিৎসক নিয়োগ দিলেই স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে যাবে, এমনটা আশা করা ঠিক নয়। এর আগেও চার হাজারের ওপর অ্যাডহক চিকিৎসক দেওয়া হয়েছিল। কিছুদিন পরই এর বড় একটি অংশ গ্রাম ছেড়ে চলে এসেছে।