প্রজন্ম লীগ ও দেশনেত্রী পরিষদের মধ্যে হাতাহাতি
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার দুই প্রধান রাজনৈতিক দল-সমর্থিত দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। সকালে সেখানে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ ও দেশনেত্রী পরিষদ নামে সংগঠন দুটির পৃথক মানববন্ধন করার কথা ছিল।মারামারির ঘটনার পর বিএনপি-সমর্থিত দেশনেত্রী পরিষদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। তবে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সেখানে মানববন্ধন করে। ঘটনার জন্য দুই সংগঠনের নেতারা একে অপরকে দায়ী করেছেন। বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের সপক্ষে মানববন্ধন করতে প্রেসক্লাবের সামনে জড়ো হন। অন্যদিকে দেশনেত্রী পরিষদ তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রের প্রতিবাদে মানববন্ধন করতে যায়।প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, দেশনেত্রী পরিষদের নেতা-কর্মীরা বেলা পৌনে ১১টার দিকে মানববন্ধন করতে প্রেসক্লাবের সামনে পূর্ব দিকে অবস্থান নেন। এর কিছু সময় পর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে তাঁদের সামনে দাঁড়িয়ে যান। দেশনেত্রী পরিষদের কর্মসূচির প্রধান অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সেখানে উপস্থিত হলে প্রজন্ম লীগের নেতা-কর্মীরা দেশনেত্রী পরিষদের নেতা-কর্মীদের ধাক্কা দিতে থাকেন। তাঁরা পুলিশের মাইক ছিনিয়ে নিয়ে তা ভেঙে ফেলেন। দেশনেত্রী পরিষদের ব্যানারও ছিনিয়ে নেন। হাতাহাতির একপর্যায়ে দেশনেত্রী পরিষদের নেতা-কর্মী ও বিরোধীদলীয় চিফ হুইপ দৌড়ে প্রেসক্লাবে ঢুকে যান।দেশনেত্রী পরিষদের সভাপতি শহীদ চৌধুরী পরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা-কর্মীরা হঠাৎ করে তাঁদের ওপর হামলা চালান। তাঁদের কিল-ঘুষিতে সংগঠনের ১০-১২ জন কর্মী আহত হন।তবে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেন বলেন, তাঁদের কোনো নেতা-কর্মী হামলা করেননি। নিজেরা মারামারি করে এখন তারা প্রজন্ম লীগের ওপর দোষ চাপাচ্ছে।