প্রজন্ম ’৭১-এর মৌন অবস্থান কর্মসূচি পালন
যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ কেন্দ্রীয় শহীদ মিনারে মৌন অবস্থান কর্মসূচি পালন করে। সারা দেশ থেকে আসা তিন শয়ের বেশি শহীদের সন্তান তাঁদের বাবাদের ছবি নিয়ে হাজির হয়েছিলেন এই সমাবেশে। যোগ দেন শহীদ জায়াদের অনেকেই।সমাবেশের শুরুতে প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর সমাবেশের কর্মসূচি তুলে ধরেন। এরপর এক ঘণ্টা মৌন অবস্থান নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও অধ্যাপক আনিসুজ্জামান মুঠোফোনে সমাবেশের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।অন্যদের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিটিভির মহাপরিচালক ম হামিদ, নাট্যব্যক্তিত্ত্ব ফেরদৌসী মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, হাসান আরিফ, ত্রপা মজুমদার প্রমুখ। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করেন শহীদদের সন্তানেরা।