প্রজন্মের সামনে ভুল ইতিহাস তুলে ধরছে সরকার: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকার ভবিষ্যৎ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস তুলে ধরছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, যারা জোর করে ক্ষমতায় আছে তারা পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ও ভুল বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরছে। বাংলাদেশের মানুষ ব্রিটিশ আমল থেকে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা যিনি করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম, সবার নাম একেবারে মুছে দিচ্ছে।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তারা একবারও উচ্চারণ করে না শেরেবাংলা ফজলুল হকের কথা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা। এমনকি তাদের দলের যারা ৯ মাস একটা সরকার পরিচালনা করল, তাদের নাম উচ্চারণ করে না। উচ্চারণ করে না তাজউদ্দীন আহমদের, এম এ জি ওসমানীর, সেক্টর কমান্ডার যাঁরা যুদ্ধ করলেন, তাঁদের কথা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এমন একটা সময় আমরা অতিক্রম করছি, যে সময়টা আমাদের জাতির জন্য অত্যন্ত ভয়াবহ। আমাদের ভাষা আন্দোলন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন, মুক্তিযুদ্ধ—সব অর্জনকে ভুলিয়ে দিয়ে এককভাবে একদলীয় শাসনব্যবস্থা চালিয়ে দিচ্ছে। আমাদের যত সৃজনশীলতা, সবকিছু এরা ধ্বংস করে দিচ্ছে।’

‘ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন একটা ওহি নাজিল করতে থাকেন। গতকাল তিনি একটা ওহি নাজিল করেছেন। সেই ওহি হচ্ছে, বিএনপি নানাভাবে বিভক্ত, বিএনপির নেতা কে, তাদের আন্দোলনের নেতা কে আমরা জানতে চাই’—বলেন মির্জা ফখরুল।

ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘তাদের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এত দিনও তিনি যদি না জানতে পারেন যে বিএনপির নেতা কে, আন্দোলনের নেতা কে, তাঁদের তো এই সরকারি দলে থাকার অধিকার নাই বলে আমি মনে করি। দিবালোকের মতো স্পষ্ট, বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন দেশনেত্রী খালেদা জিয়া এবং তাঁর অসুস্থতা ও অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান। বিএনপি কোনোভাবে দ্বিধাবিভক্ত নয়।’

এদিকে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে জাতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না। প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষক কে, এ বিষয়ে বর্তমান সরকার এ প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে। মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি দিলেন, তাঁকে যদি অসম্মান করা হয়, তাহলে কীভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার।