প্রজা খাজনা দিতে চায় নিচ্ছে না রাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোকা ঘুমাল, পাড়া জুড়াল/বর্গি এল দেশে/বুলবুলিতে ধান খেয়েছে/খাজনা দিব কিসে/ধান ফুরাল, পান ফুরাল/খাজনার উপায় কী/আর ক’টা দিন সবুর করো/রসুন বুনেছি—বর্গিদের অত্যাচার এবং জমির খাজনা দিতে অসমর্থ দরিদ্র কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে কোনো এক সময় রচিত হয় এই লোকছড়া। টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজায় ঠিক এর উল্টোটা ঘটেছে। এখানে প্রজা খাজনা দিতে চায় কিন্তু স্থানীয় ভূমি অফিস (রাজা) খাজনা নিচ্ছে না। উপজেলার কমপক্ষে এক লাখ মানুষ তাদের ভোগদখলীয় প্রায় ৩৫ হাজার একর জমির খাজনা দিতে পারছে না প্রায় এক যুগ ধরে। খাজনা দেওয়ার দাবিতে উপজেলায় একটি কমিটি গঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সখীপুর তালতলা চত্বরে কমপক্ষে ১৪ মৌজার প্রায় ১৫ হাজার লোক নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করার প্রস্তুতি নিয়েছে ওই কমিটি। সখীপুর পৌরসভার স্কুল, কলেজ, মাদ্রাসার কমপক্ষে দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সখীপুর উপজেলার ১৪টি মৌজা হচ্ছে গড়গোবিন্দপুর, সখীপুর, প্রতিমাবংকী, লাঙ্গুলিয়া, বেরবাড়ি, রতনপুর, হাতিবান্ধা, হতেয়া, বাজাইল, কালমেঘা দেওয়ানপুর, কালমেঘা আতিয়া, কালমেঘা তালেপাবাদ, চতলবাইদ ও বহুরিয়া চতলবাইদ। সখীপুরে সংশ্লিষ্ট ভূমি অফিস সূত্রে জানা যায়, এ ১৪টি মৌজায় ১৯৭৬-১৯৮৫ সালে দেশের অন্যান্য এলাকার সঙ্গে আরএস জরিপ সম্পন্ন হয়। এরপর থেকেই ভূমি মালিকদের বরাবর নকশা ও পরচা দেওয়া হয়েছে। ১৪ মৌজার মধ্যে প্রথমে আটটি মৌজার ভলিউম স্থানীয় ভূমি অফিসে আসে এবং খাজনা আদায়ের জন্য নির্দেশও আসে। ওই সময় (১৯৯৮) বন বিভাগ তাদের কিছু জমি ওই রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে দাবি করে বন বিভাগ আপত্তি দিলে স্থানীয় ভূমি অফিস খাজনা (ভূমি উন্নয়ন কর) নেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে এক যুগ পার হলেও আর খাজনা নেওয়া হয়নি। ১৪ মৌজার খাজনা আদায় না হওয়ায় সরকার প্রতিবছর কয়েক কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ভূমির মালিকেরা তাঁদের দখলীয় জমি বিক্রি করতে পারছেন না, এমনকি ওই জমির বিপরীতে কোনো ব্যাংকঋণও নিতে পারছেন না। এ ব্যাপারে গঠিত কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার কামাল প্রথম আলোকে বলেন, ‘যে পর্যন্ত খাজনা নেওয়া না হবে, সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ গড়গোবিন্দপুর গ্রামের এনামুল হক বলেন, ‘খাজনা না নেওয়ায় আমরা আমাদের জমি চাষাবাদ করতে পারছি কিন্তু জমি হস্তান্তর ও ব্যাংকঋণ তুলতে পারছি না।’ এ প্রসঙ্গে সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘সুস্পষ্ট নির্দেশনা না আসায় আমরা ভূমি উন্নয়ন কর দিতে পারছি না।’ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভূমির মালিকদের ব্যাপার। জানতে চাইলে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান বলেন, ‘১৪ মৌজার খাজনা সমস্যা নিয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’