প্রজাতন্ত্রের প্রতিটি টাকার যথাযথ ব্যয় নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রজাতন্ত্রের প্রতিটি অর্থের ব্যয় যথাযথ হচ্ছে কি না, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বুধবার মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন এবং মিডিয়া ও কমিউনিকেশন সেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশ দেন।রাষ্ট্রপতি বলেন, জনগণ রাষ্ট্রের সব অর্থের মালিক। ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএজি আহমেদ আতাউল হাকিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগাল।জেমস এফ মরিয়ার্টি বলেন, বাংলাদেশে নীতি প্রণয়ন এবং সরকারের সেবা প্রদানের মান বেড়েছে। সিএজি কার্যালয় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রবার্ট ম্যাকডুগাল তাঁর বক্তব্যে সিএজি কার্যালয়ের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিএজি কার্যালয়ের কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।বিমানবাহিনী-প্রধানের সাক্ষাৎ: বাসস জানায়, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আসন্ন তুরস্ক ও রাশিয়া সফর সম্পর্কে তাঁকে অবহিত করেন।বিমানবাহিনীর প্রধান তুরস্কের বিমানবাহিনী-প্রধানের আমন্ত্রণে সে দেশের বিমানবাহিনীর শততম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং গ্লোবাল এয়ার চিফস কনফারেন্সে যোগ দিতে ৩১ মে তুরস্কের উদ্দেশে রওনা হবেন। তিনি তুরস্ক সফর শেষে রাশিয়ার ফেডারেল সার্ভিসের বিমানবাহিনী-প্রধানের আমন্ত্রণে মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশন-সংক্রান্ত আলোচনায় যোগ দিতে মস্কো যাবেন।বিমানবাহিনী-প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। মিয়ানমারে তাঁর সাম্প্রতিক সফরের বিষয়টিও আলোচনায় স্থান পায়।