বাংলাদেশে ছয় হাজার ৬৩৪ প্রজাতির উদ্ভিদ এবং পাঁচ হাজার ৩৫১ প্রজাতির প্রাণী রয়েছে। বিগত কয়েক বছরে এখানে সপুষ্পক উদ্ভিদের ১২টি নতুন প্রজাতি পাওয়া গেছে। এখানকার নলবাহী উদ্ভিদের ১০৬টি এবং প্রাণীর ১৩৭টি প্রজাতি নানা পর্যায়ে বিপন্ন। বিলুপ্ত হয়ে গেছে মেরুদণ্ডী প্রাণীর ১৩টি প্রজাতি। এখানে প্রজাতি বিপন্ন ও বিলুপ্তির কারণ প্রকৃতি নয়, মানুষ।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘আরজ আলী মাতুব্বর স্মারক বক্তৃতা ১৪১৭’-তে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন পরিবেশবিদ দ্বিজেন শর্মা।দ্বিজেন শর্মা বলেন, জন্ম-মৃত্যুর চক্রাবর্তে কোনো প্রজাতির চিরজীবী হওয়ার নিশ্চয়তা নেই। প্রকৃতিই প্রাণের স্রষ্টা ও বিনষ্টকারী এবং তা বিবর্তন ক্রিয়ার অন্তর্ভুক্ত। আমরা নিজেরাই এখন প্রজাতির বিলুপ্তি ঘটাচ্ছি। অথচ আমাদের নিজেদেরও যে এই বিলুপ্তির পাকচক্রে পড়তে হবে, সে বিষয়ে আমরা উদাসীন।দ্বিজেন শর্মা বলেন, বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে এবং এর সিংহভাগই ক্রান্তীয় বৃষ্টিবনে। বাংলাদেশসহ ক্রান্তীয় বনের সমস্ত জীববৈচিত্র্য এখন বিপন্নপ্রায়। অতীতের তুলনায় বর্তমান প্রজাতি বিলুপ্তির হার ৪০ হাজার গুন বেশি। এর প্রায় সবই মানুষের কর্মকাণ্ডের ফসল। সালোক সংশ্লেষণে উৎপন্ন ভোগ্যবস্তুর ৪০ শতাংশ মানুষ একাই আত্মসাৎ করে। মনুষ্যপ্রজাতির মতো আর কোনো একক প্রজাতি কখনোই প্রকৃতিকে এতটা প্রভাবিত করতে পারেনি।নূরুন নবী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনু মুহাম্মদ, মোরশেদ শফিউল হাসান প্রমুখ বক্তব্য দেন।বরিশাল শহর থেকে সাত-আট কিলোমিটার দূরে লামচরী নামক গ্রামে বাংলা ১৩০৭ সনে এক দরিদ্র কৃষক পরিবারে আরজ আলী মাতুব্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এন্তাজ আলী মাতুব্বর। দারিদ্র্যের কারণে শুরু করেন কৃষিকাজ। একসময় মানুষ ও জীবন সম্পর্কে তাঁর মনে প্রশ্ন জাগলে তিনি এ বিষয়ে পড়াশোনা শুরু করেন। নিজের অভিজ্ঞতা থেকে নিজস্ব ধরনের চিন্তাভাবনা শুরু করেন। বাংলা ১৩৯২ সনে ৮৬ বছর বয়সে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।